ওয়াশিংটন, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মেয়ে জেনা বুশ (২৬) আগামী ১০ মে হেনরি হাগেরকে (২৯) বিয়ে করবেন। দুটি সূত্রের বরাত দিয়ে 'পিপল ম্যাগাজিন' বুধবার তাদের ওয়েব সাইটে এ খবর জানিয়েছে। তবে সূত্র দুটির পরিচয় প্রকাশ করেনি ওয়েব সাইটটি।
গত আগস্ট মাসে দুজনের এনগেজমেন্ট হয়। একটি সূত্র ম্যাগাজিনটিকে জানিয়েছে, বুশের টেক্সাসের খামারবাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে।
ফার্স লেডি লরা বুশের এক মুখপাত্র জানিয়েছেন, লরা বুশ এ খবর নিশ্চিত করতে পারেন নি এবং এ বিষয়ে কোনো মন্তব্যও করেননি।
পিপল ম্যাগাজিনকে ওই সূত্র আরও জানায়, "বিয়ের অনুষ্ঠানটি বিশাল আকারে হবে না। তারপরও জেনা খুবই খুশি। তিনি আনন্দেই সময় কাটাচ্ছেন।"
উল্লেখ্য, প্রখ্যাত রিপাবলিকান পরিবারের ছেলে হাগের বুশের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৩৯ ঘ.
bdnews24