ওয়ানা, পাকিস্তান, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তানে শ'শ জঙ্গি বুধবার হামলা চালিয়ে আধাসামরিক বাহিনীর একটি ঘাঁটি দখল করে নিয়েছে। সংঘর্ষে নিহত হয়েছে ৭ সেনা ও অন্ততপক্ষে ৪০ জন জঙ্গি। নিখোঁজ হয়েছে প্রায় ২০ জন সেনা। সেনাবাহিনী একথা জানিয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস বলেছেন, প্রায় ২শ' জঙ্গি বিভিন্ন দিক থেকে দূর্গে হামলা করে। দুঘন্টা পর তারা দূর্গের দেয়াল ভাঙতে সক্ষম হয়। তিনি জানান, ২০ জন সেনা নিখোঁজ রয়েছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তান এলাকার ঘাঁটিতে মঙ্গলবার রাতে হামলা চালায় জঙ্গিরা।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, "প্রায় সাতশ' জঙ্গি স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সারা রোঘার দুর্গটিতে হামলা চালায় এবং রাত দুইটার দিকে ঘাঁটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।"
তিনি বলেন, "দুর্গটিতে আধা-সামরিক বাহিনীর ৩৭ জন সেনা ছিল এবং তাদের সাতজন পালিয়ে আসতে সক্ষম হয়েছে। অবশিষ্ট সেনারা নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, তারা নিহত হয়েছে।"
নিরাপত্তা বাহিনী জঙ্গিদের ওপর গোলাবর্ষণ করছে। তবে আব্বাস জানিয়েছেন, দূর্গটি এখনও জঙ্গিদের দখলে রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে দক্ষিণ ওয়াজিরিস্তানের আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
সেখানকার সারা রোঘা এলাকাটি আল কায়েদার মদদপুষ্ট পাকিস্তানি জঙ্গি নেতা বাইতুল্লাহ মেহসুদের শক্ত ঘাঁটি। রাওয়ালপিন্ডিতে ২৭ ডিসেম্বর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের পেছনে এই জঙ্গি নেতার হাত রয়েছে বলে দাবি করে আসছে সরকার।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী বুধবার সকালে এলাকাটিতে কামানের গোলা বর্ষণ করেছে। তবে তারা ঠিক কোন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫২৫ ঘ.
bdnews24