কাঠমান্ডু, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এভারেস্ট বিজয়ী স্যার এডমুন্ড হিলারি ও তেনজিং নরগেই শেরপার নামে এভারেস্ট পর্বতের দুর্গম অঞ্চলে একটি বিমানবন্দরের নামকরণ করবে নেপাল। একইসঙ্গে তাদের এভারেস্ট বিজয়ের দিনটিকে নেপালে 'এভারেস্ট দিবস' ঘোষণা করারও প্রস্তাব করা হচ্ছে।
গত সপ্তাহে হিলারির মৃত্যুর পর বিশ্ববিখ্যাত এ দুই প্রয়াত পর্বতারোহীকে শ্রদ্ধা জানানোর জন্য এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। নেপালের পর্যটনমন্ত্রী বুধবার একথা জানিয়েছেন।
১৯৫৩ সালের ২৯ মে নিউজিল্যান্ডের হিলারি ও নেপালের তেনজিং যুগ্মভাবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্টে আরোহণের কৃতিত্ব অর্জন করেন। তাদের এভারেস্ট জয়ের খবর ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে তা ব্যাপক সাড়া ফেলে এবং পর্বতারোহণ এবং পর্যটনের কেন্দ্র হিসেবে বিখ্যাত হয়ে উঠতে শুরু করে নেপাল।
১৯৮৬ সালে ৭২ বছর বয়সে মারা যান তেনজিং নরগেই শেরপা। আর স্যার এডমুন্ড হিলারি গত সপ্তাহে ৮৮ বছর বয়সে মারা যান।
পর্যটনমন্ত্রী পৃথ্বি সুব্বা গুরুং জানান, তেনজিং ও হিলারির এভারেস্ট বিজয়ের দিন ২৯ মে- কে নেপালে 'এভারেস্ট দিবস' ঘোষণা করার জন্য মন্ত্রিপরিষদে প্রস্তাব করবেন তিনি।
তিনি বলেন, "আমি মন্ত্রিসভাকে প্রস্তাব করব তাদের সম্মান জানানোর জন্য লুকলা বিমানবন্দরের নাম পরিবর্তন করে একে 'তেনজিং-হিলারি বিমানবন্দর' করতে।"
পর্যটনমন্ত্রী বলেন, "তারা এভারেস্ট জয় না করলে নেপাল হয়ত এতোটা পরিচিতি পেত না। নেপালে পর্বতারোহণ এবং পর্যটনের ক্ষেত্রে তারা অনেক বড় অবদান রেখে গেছেন।"
কোনো বিরোধিতা ছাড়াই প্রস্তাবগুলো মন্ত্রিসভার অনুমোদন পাবে বলে পৃথ্বি সুব্বা গুরুং আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪৩৫ ঘ.
bdnews24