ওয়াশিংটন, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লিবিয়া এবং ছয়জন লিবীয় কর্মকর্তাকে ছয়শ' কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন আদালত। ওয়াশিংটনের জেলা আদালতের এক বিচারক এ নির্দেশ দেন। ১৯৮৯ সালে ফরাসি এয়ারলাইনের একটি বিমানে বোমা হামলায় নিহত সাত মার্কিন নাগরিকের পরিবারগুলোর জন্য ওই ক্ষতিপূরণ দিতে হবে লিবিয়াকে। ক্ষতিগ্রস্ত ওইসব পরিবারের আইনজীবীরা মঙ্গলবার রাতে এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
ফ্রান্সের ইউটিএ এয়ারলাইনের ওই বিমানটি শাদের রাজধানী এনজামিনা থেকে প্যারিসে যাওয়ার পথে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের আকাশে স্যুটকেস বোমা হামলায় বিধ্বস্ত হয়। এতে ১৭০ জনের প্রাণহানি হয়।
ইউটিএ'র বিমানটিতে ওই হামলার জন্য লিবিয়াকে দায়ী করা হয় এবং লিবিয়ার ছয় কর্মকর্তাকে তাদের অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত করেছে ফ্রান্স।
হামলায় নিহত সাত মার্কিনির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সংক্রান্ত এক নির্দেশনায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ওই জেলা আদলের বিচারক হেনরি কেনেডি বলেছেন, "ইউটিএ ফ্লাইট ৭৭২-এ বোমা হামলায় অকাল মৃত্যুর শিকার ওই সাত মার্কিন নাগরিকের পরিবার এই অর্থের সাহায্যে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। স্বাভাবিক মৃত্যু হলে বেতন-বোনাস এবং অবসরকালীন ভাতার যে সুবিধা মিলত এটি অনেকটা সেরকমই কাজে আসবে।"
২০০৭ সালের এক রায়ে কেনেডি বলেছিলেন, ইউটিএ ৭৭২ এ বোমা হামলার জন্য লিবিয়া সরাসরি দায়ী। এরপর আগস্টে বিচারকাজ চলে। এর লক্ষ্য ছিল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোসহ এয়ারলাইনের মালিককে লিবিয়া এবং ছয় লিবীয় কর্মকর্তা কী পরিমাণ ক্ষতিপূরণ দেবেন তা নির্ধারণ করা।
এদিকে, মার্কিন আদালতের এ রায়ের বিরুদ্ধে লিবিয়া আবেদন করবে কিনা সে বিষয়ে তারা কিছু জানাননি। ২৫ ফেব্র"য়ারি পর্যন্ত আবেদন করার সিদ্ধান্ত নেওয়ার সময় পাবে লিবিয়া।
প্রসঙ্গত, লিবিয়া ইতিমধ্যেই ফ্রান্সের ওই বিমানে বোমা হামলায় নিহত ইউরোপ এবং আফ্রিকার নাগরিকদের ক্ষতিপূরণ দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪১৬ ঘ.
bdnews24