কাবুল, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাবুলে বিলাসবহুল হোটেলে গত সোমবারের হামলার পর কূটনীতিক ও বিশ্লেষকরা ধারণা করছেন, তালেবানরা তাদের হামলার পদ্ধতি পরিবর্তন করেছে। পশ্চিমা কূটনীতিকসহ সাধারণ নাগরিকরা তাদের হামলার লক্ষ্যে পরিণত হয়েছে।
কাবুলের পাঁচতারকা হোটেল সেরেনাতে সোমবারের আত্মঘাতী হামলায় সাতজন নিহত হয়। এদের মধ্যে যুক্তরাষ্ট্র ও নরওয়ের দুই সাংবাদিকও রয়েছেন। হামলার সময় হোটেলটিতে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী জোনাস গার স্তোইর অবস্থান করছিলেন। তবে তিনি অক্ষত রয়েছেন। তালেবান জঙ্গিরা এ হামলা চালানোর দাবি জানিয়েছে।
সোমবারের হামলার পর আফগানিস্তানে জাতিসংঘের ভারপ্রাপ্ত বিশেষ প্রতিনিধি বো অসপ্লান্ড এক বিবৃতিতে বলেন, "সেরেনা হোটেলে হামলার বিষয়টি আমাদের জন্য খুবই উদ্বেগের। কারণ এর থেকে বোঝা যাচ্ছে বিদেশি নাগরিক ও তাদের সহযোগিতা করছে এমন আফগানরাই তালেবানদের হামলার লক্ষ্যে পরিণত হয়েছে।"
সোমবারের হামলার সময় হোটেলের ভেতরে ঢোকার জন্য এক আত্মঘাতী প্রথমে এক নিরাপত্তা কর্মীকে গুলি করে হত্যা করে। এরপর অন্য নিরাপত্তারক্ষীরা তার ওপর গুলি ছুঁড়লে সে বোমার বিস্ফোরণ ঘটায়।
দ্বিতীয় হামলাকারী তখন হোটেলের প্রবেশ পথের কাছে বোমার বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়। তবে আফগান গোয়েন্দা প্রধান জানিয়েছেন, "দ্বিতীয় হামলাকারীকে নিরাপত্তা রক্ষীরা গুলি করে হত্যা করেছে নাকি সে ভয়েই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে সেটা পরিস্কার নয়।"
এর পর তৃতীয় হামলকারী ভেতরে ঢুকে হোটেল লবি ও জিমনেশিয়ামে থাকা বিদেশি নাগরিকদের ওপর বেপরোয়াভাবে গুলি চালায়। এতে দুই আমেরিকান নাগরিক, এক ফরাসি মহিলা ও নরওয়ের এক সাংবাদিক নিহত হন। পরে ওই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী জোনাস গার স্তোইর হামলার সময় ওই হোটেলে ছিলেন। তবে তিনি আহত হননি। হামলার সময় অন্যান্য অতিথির সঙ্গে তিনি হোটেলটির বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন।
একজন ঊর্ধ্বতন পশ্চিমা কূটনীতিক বলেন, "আমি মনে করি যেভাবে হোটেলে হামলা চালানো হয়েছে তা পশ্চিমাদের জন্য অবশ্যই ভাবনার বিষয়। কারণ, তারা খুবই পরিকল্পিত ও কার্যকরভাবে হামলা চালিয়েছে।"
অন্য একজন পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষক বলেন, "ওই হামলার ধরণ দেখে বোঝাই যায়, পশ্চিমা নাগরিকরাই ছিল তাদের লক্ষ্য।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৩০ ঘ.
bdnews24