২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাচার হওয়া ডাইনোসরের ফসিল ফিরে পেল চীন

বিদেশে পাচার হয়ে যাওয়া প্রায় ১০ থেকে ৪৫ কোটি বছরের পুরনো ফসিলের এক বিশাল ভাণ্ডার ফিরে পেল চীন। এর মধ্যে আছে ডাইনোসরের ডিম ও মাথার খুলি এবং বেশকিছু স্তন্যপায়ী প্রাণী ও সরীসৃপের ফসিলসহ প্রায় ১,৩০০টি মূল্যবান প্রাকৃতিক নিদর্শন। চীন থেকে পাচার হওয়া এসব ফসিল ও মূল্যবান জিনিস ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 11:44 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ক্যানবেরা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিদেশে পাচার হয়ে যাওয়া প্রায় ১০ থেকে ৪৫ কোটি বছরের পুরনো ফসিলের এক বিশাল ভাণ্ডার ফিরে পেল চীন। এর মধ্যে আছে ডাইনোসরের ডিম ও মাথার খুলি এবং বেশকিছু স্তন্যপায়ী প্রাণী ও সরীসৃপের ফসিলসহ প্রায় ১,৩০০টি মূল্যবান প্রাকৃতিক নিদর্শন। চীন থেকে পাচার হওয়া এসব ফসিল ও মূল্যবান জিনিস ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় উদ্ধার করা হয়। অস্ট্রেলিয়অর পরিবেশমন্ত্রী পিটার গ্যারেট মঙ্গলবার ক্যানবেরায় চীনা রাষ্ট্রদূত ঝাং জানসুই এর কাছে এসব ফসিল হস্তান্তর করেন। প্রায় ৭৫০ কিলোগ্রাম ওজনের এ ফসিল-ভাণ্ডারের মধ্যে রয়েছে ডাইনোসরের ডিম ও খুলি, ডাইনোসরের বাসা এবং ফসিল হয়ে যাওয়া মাছ। এসবের মধ্যে সমুদ্রগর্ভের পালেজোয়িক শিলার ভেতের পাওয়া সবচেয়ে পুরনো নিদর্শনটির বয়স প্রায় ৪৫ কোটি বছর। মাংসাশী 'ভেলোসিরাপ্টার' প্রজাতির ডাইনোসরের ডিমের বেশকিছু প্রস্তুরীভূত খোসা এবং ডিমসহ বেশ কয়েকটি বাসাও রয়েছে এসব নিদর্শনের মধ্যে। প্রায় ৭ কোটি থেকে ১২ কোটি ২০ লাখ বছর আগে এসব ডাইনোসর পৃথিবীপৃষ্ঠে বিচরণ করতো। এছাড়া প্রায় ২৩ কোটি বছর আগের ট্রাইয়াসিক যুগের কিইচোসরাস নামের সামুদ্রিক সরীসৃপের একটি পূর্ণাঙ্গ কঙ্কালও আছে চীনের এসব প্রাকৃতিক নিদর্শনের মধ্যে। বেশ কয়েকবছর আগে খোয়া যাওয়া এসব ফসিলের বেশিরভাগই পাওয়া গিয়েছিল উত্তর চীনের লিয়াওনিং প্রদেশে। ওই অঞ্চলটি চীনের ফসিল-ভাণ্ডার নামে পরিচিত। চীনের কাছে এসব নিদর্শন হস্তান্তর উপলক্ষ্যে ক্যানবেরায় আয়োজিত এক অনুষ্ঠানে অস্ট্রেলীয় পরিবেশমন্ত্রী বলেন, "উদ্ধার করা এসব ফসিলের মূল্য কালোবাজারে প্রায় লাখো ডলারের মতো।" অবশ্য একইসঙ্গে তিনি বলেন, প্রাকৃতিক নিদর্শন হিসেবে অমূল্য এসব সম্পদের অর্থমূল্যের বিবেচনা অর্থহীন। পরিবেশমন্ত্রী আরও বলেন, "এসব মূল্যবান নিদর্শনকে চীনের কাছে ফিরিয়ে দিতে পেরে আমি আনন্দিত। সাংস্কৃতিক ঐতিহ্যের মতো মূল্যবান সামগ্রী নিয়ে অবৈধ চোরাকারবারী অস্ট্রেলিয়া সহ্য করবে না।" পিটার গ্যারেট বলেন, "এসব নিদর্শন পৃথিবীর বিবর্তনের ধারা জানার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।" চীনা রাষ্ট্রদূত ঝাং জানসুই বলেছেন, অস্ট্রেলিয়া ফসিল-চোরাকারবারের ক্ষেত্রে একটি কেন্দ্র হিসেবে কাজ করছে এমন কোনো প্রমাণ নেই। অস্ট্রেলিয়াতে এর আগেও পাচার হয়ে আসা চীনসহ অন্যান্য দেশের এ ধরনের মূল্যবান প্রাকৃতিক নিদর্শন উদ্ধার করা হয়েছে এবং সেসব সংশ্লিষ্ট দেশকে ফেরতও দেওয়া হয়েছে। ২০০৫ সালে ১০,০০০টি ফসিলের একটি চালান এবং তার আগের বছর আরেকটি চালান চীনে ফেরত পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। একইবছরে মেলবোর্নের একটি গ্যালারিতে প্রদির্শত হচ্ছিল ৬৬৪ থেকে ৩৩২ খ্রিষ্টপূর্বাব্দে মিসরে প্রাপ্ত একটি ব্রোঞ্জের কুঠারের মাথা এবং একটি ব্রোঞ্জের পাত্রসহ বেশকিছু গহনা। পরে মিসরের রাষ্ট্রদূতের কাছে তা হস্তান্তর করা হয়। এছাড়া ২০০৭ সালে আর্জেন্টিনার কাছে হস্তান্তর করা হয় ডাইনোসর ও উদ্ভিদের ১৩০ কিলোগ্রাম ওজনের একটি চালান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এফএইচবি/১৭৩০ ঘ.