লন্ডন, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করার "অদ্ভুত ও ভয়ঙ্কর" প্রথা বিলুপ্ত করার জন্য মঙ্গলবার ইরানের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে কোনো পরিস্থিতিতেই শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়ার বিরোধিতা করে আসছে। সংগঠনটি জানিয়েছে, ব্যভিচারের অভিযোগে গত বছরের জুলাইয়ে ইরানে এক লোককে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে। অথচ, ওই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ২০০২ সালে একটি নিষেধাজ্ঞা জারি হওয়ার কথা ছিল।
ব্যাভিচারের অভিযোগে অভিযুক্ত নারীও পাথর ছুঁড়ে হত্যার হুমকির মধ্যে রয়েছেন।
এ প্রথায় অভিযুক্তকে তার বুক পর্যন্ত বালির মধ্যে ঢুকিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তাকে পাথর নিক্ষেপ করা হয়।
ইরানের এ প্রথা নিয়ে ৩০ পাতার একটি প্রতিবেদন তৈরি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে বলা হয়েছে, "পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রথা সত্ত্বর এবং পুরোপুরি বিলুপ্ত করার জন্য ইরান সরকারের কাছে আহ্বান জানাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।"
মানবাধিকার সংগঠনটির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, "ইরানের আইনে পরামর্শ দেওয়া হয়েছে যে পাথরগুলো অবশ্যই ব্যথা সৃষ্টি করার মতো বড় হতে হবে। তবে পাথরগুলো এতো বড় হবে না যার আঘাতে আক্রান্ত ব্যক্তি শিগগির মারা যায়। এটা নিশ্চিতভাবেই একটি অদ্ভুত ও ভয়ঙ্কর প্রথা।"
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে, ইরানে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা অল্প হলেও ব্যভিচারের ক্ষেত্রে এ প্রথা অধিক পছন্দনীয়। আর এর অসম প্রভাব পড়ছে নারীদের ওপর।
মৃত্যুদণ্ড কার্যকর করার হারের দিক থেকে বিশ্বের মধ্যে ইরান অন্যমত। ২০০৬ সালে দেশটিতে ১৭৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদের অধিকাংশ হত্যা করা হয় ফাঁসিতে ঝুলিয়ে। গত বছর হয়ত এ সংখ্যা ছিল আরও বেশি। কারণ, ওই বছরের প্রথম সাত মাসে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ১২৪ জনের।
পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর বিলুপ্ত এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানোর পাশাপাশি বিবাহিত ব্যক্তির স্বামী বা স্ত্রী ব্যতীত অন্য ব্যক্তির সঙ্গে স্বেচ্ছায় যৌনমিলন বা ব্যভিচারকে অপরাধ হিসাবে ঘোষণা না দেওয়ার জন্যও ইরানের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
প্রসঙ্গত, বিশ্বের অধিকাংশ দেশে বিবাহিত ব্যক্তির স্বামী বা স্ত্রী ব্যতীত অন্য ব্যক্তির সঙ্গে স্বেচ্ছায় যৌনমিলন অবৈধ নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৬৫৬ ঘ.
bdnews24