ওয়াশিংটন, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এন্টার্কটিকায় গত এক দশকে বিলিয়ন বিলিয়ন টন বরফ গলেছে। সমুদ্রস্তর বেড়ে যাওয়ায় নতুন মাত্রা যোগ করেছে বরফ গলার এই হার। এক জলবায়ু গবেষক সোমবার একথা বলেছেন।
'জার্নাল নেচার জিওসাইয়েন্স' এ লেখা এক গবেষণাপত্রে এরিক রিগনোট ও তার সহকর্মীরা দাবি করেন, এন্টার্কটিকার দুটি বিশেষ অঞ্চলে ওই পরিমাণ বরফ গলেছে।
স্যাটেলাইটের সাহায্যে এন্টার্কটিকার উপকূলীয় এলাকা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, তাদের হিসাব মতে, পশ্চিম এন্টার্কটিকায় ২০০৬ সালে বরফ গলেছে অন্ততপক্ষে ১শ' ৩২ বিলিয়ন টন। অথচ একই অঞ্চলে ১৯৯৬ সালে বরফ গলেছে মাত্র ৮৩ বিলিয়ন টন। ওদিকে, ২০০৬ সালে এন্টার্কটিকা উপদ্বীপে বরফ গলেছে প্রায় ৬০ বিলিয়ন টন।
তবে গলে যাওয়া এই বরফ এন্টার্কটিকায় বরফের আচ্ছাদন থেকে গলে পড়েনি। এই বরফ গলেছে এন্টার্কটিকার হিমবাহগুলো থেকে। এন্টার্কটিকার বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যতটা বেড়েছে সমুদ্রের বরফে ততটা নয়।
আর তাই এন্টার্কটিকার বরফ গলার তাৎক্ষণিক পরিণতি বলা যায় সমুদ্রস্তর বেড়ে যাওয়াকে। জেট প্রপালসন ল্যাবরাটরির গবেষক এরিক রিগনোট ই মেইলে এক সাক্ষাৎকারে একথা বলেন।
এন্টার্কটিকার বরফ গলে ২০০৬ সালে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে অন্ততপক্ষে ০ দশমিক ০২ ইঞ্চি। অথচ ১৯৯৬ সালে সমুদ্রস্তরের উচ্চতা ছিল মাত্র ০ দশমিক ০১ ইঞ্চি।
রিগনোট জাতিসংঘের জলবায়ূ পরিবর্তন বিষয়ক ইন্টারগভমেন্টাল প্যানেলের অভিমত উল্লেখ করে জানান, তারা এন্টার্কটিকাকে সমুদ্রস্তর বাড়ার জন্য দায়ী করেননি-- এই যুক্তিতে যে, পৃথিবী উষ্ণ হতে থাকায় পানি বাষ্প হয়ে জমাট বেঁধে বরফ আচ্ছাদন বাড়বে। যে আচ্ছাদনে ঢেকে আছে এন্টার্কটিকা।
কিন্তু রিগনোট বলেন, " কিছু কিছু অঞ্চলে বরফ আচ্ছাদন গরম পানির উৎসস্থলের কাছাকাছি রয়েছে। এন্টার্কটিকার যে সমস্ত জায়গায় বরফ গলছে সে জায়গাগুলোর কাছে গরম পানির প্রবাহ রয়েছে।"
গ্রিনল্যান্ডের বরফ আচ্ছাদন ঠিক একই কারণে গলছে বলে মত দেন রিগনোট। উল্লেখ্য, গত বছর গ্রীনল্যান্ডের বরফ গলার হার ছিল রেকর্ড পরিমাণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআর/এলকিউ/১২৫৭ ঘ.
bdnews24