২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ার নির্বাচন পরবর্তী বিতর্কের ঝড় পার্লামেন্টে

মাওয়ি কিবাকির দ্বিতীয়বার কেনিয়ার প্রেসিডেন্ট হওয়া নিয়ে সৃষ্ট বিতর্কের ঝড় মঙ্গলবার পার্লামেন্টে গড়িয়েছে। সরকার এবং বিরোধীদল উভয়পক্ষই পূর্ব আফ্রিকার এ দেশটির আইনসভার নিয়ন্ত্রণ নিতে মল্লযুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 10:06 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

নাইরোবি, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মাওয়ি কিবাকির দ্বিতীয়বার কেনিয়ার প্রেসিডেন্ট হওয়া নিয়ে সৃষ্ট বিতর্কের ঝড় মঙ্গলবার পার্লামেন্টে গড়িয়েছে। সরকার এবং বিরোধীদল উভয়পক্ষই পূর্ব আফ্রিকার এ দেশটির আইনসভার নিয়ন্ত্রণ নিতে মল্লযুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার নতুন পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনের আগে সকাল থেকেই রাজধানী নাইরোবিতে অবস্থিত পার্লামেন্ট ভবনের চারপাশে সতর্ক পাহারায় দেখা গেছে দাঙ্গা পুলিশকে। এছাড়া, ভবনটির আশপাশের রাস্তাগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় বেলা আড়াইটায় (গ্রিনিচ সময় ১১৩০ ঘণ্টা) অধিবেশন শুরু হওয়ার কথা। ২২২ আসন বিশিষ্ট পার্লামেন্টে বিরোধী 'অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্ট' (ওডিএম) দলের রয়েছে সর্বাধিক ৯৯টি আসন। অন্যদিকে, কিবাকির দল 'পার্টি অফ ন্যাশনাল ইউনিটি' (পিএনইউ) এর আছে মাত্র ৪৩টি আসন। তবে, পিএনইউ আশা করছে, অন্যান্য দলের সাংসদরা তাদের সঙ্গে যোগ দেবে এবং তারা পার্লামেন্টের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হবে। অন্যদিকে, ওডিএম আশা করছে, অধিবেশনের প্রথম সেশনেই তারা তাদের প্রার্থী কেনেথ মারেন্দেকে পার্লামেন্টের স্পিকার নির্বাচিত করতে পারবে। উদ্বোধনী অধিবেশনে সরকারি কর্মকাণ্ডে বাধা দেওয়ার এবং প্রেসিডেন্ট কিবাকির বিরুদ্ধে অনাস্থা ভোট গ্রহণের চেষ্টা চালাতে পারে ওডিএম। এছাড়া, পার্লামেন্টের সরকারি আসনগুলো দখলের হুমকিও দিয়েছে তারা। রাজনৈতিক বিশ্লেষক এক্স এন ইরাকি বলেন, "অধিবেশনটি বাকবিতণ্ডাপূর্ণ হবে। কিছু নাটকীয় ঘটনাও ঘটতে পারে।" এদিকে, কিবাকি এবং বিরোধীদলীয় নেতা রাইলা ওদিঙ্গার মধ্যে মধ্যস্থতা করার জন্য মঙ্গলবার নাইরোবি আসার কথা রয়েছে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের। তার সফরসঙ্গী হিসাবে থাকার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাকেল এবং তাঞ্জানিয়ার সাবেক প্রসিডেন্ট বেঞ্জামিন এমকাপা। ওদিঙ্গা বলে আসছেন, ২৭ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট পদ ছিনতাই করেছেন কিবাকি। ওই নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে ৬১২ জন নিহত হয়েছে। সে সহিংসতার প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে এবং দেশটির দাতা দেশগুলো হয়েছে ক্ষুব্ধ। পশ্চিমা শক্তিরা প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়ম হওয়ার অভিযোগ জানিয়েছে। তারা চাইছে, উভয় পক্ষের মধ্যে ক্ষমতা ভাগাভাগি হোক। সঙ্কট শুরু হওয়ার পর কেনিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের সবচেয়ে বড় হুমকিটি এসেছে গত সোমবার। ওইদিন ইউরোপীয় ইউনিয়ন সাহায্য বন্ধ করে দেওয়ার হুমিক দেয়। এক সময়কার একই মন্ত্রিপরিষদের সদস্য কিবাকি (৭৬) এবং ওদিঙ্গার (৬৩) মধ্যে নির্বাচনের পর মঙ্গলবারের শপথ অনুষ্ঠানে প্রথমবারের মতো সরাসরি সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৪০ ঘ.