২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দরিদ্র দেশগুলোকে আরও কার্বন নির্গমনের সুযোগ দিতে চায় ইইউ

ইউরোপীয় ইউনিয়নের দরিদ্র সদস্য দেশগুলোকে কিছু বেশি মাত্রায় কার্বন ডাই অক্সাইড নির্গমনের সুযোগ দেওয়ার প্রস্তাব দেবে ইউরোপীয় কমিশন। ধনী ও পুরনো সদস্য দেশগুলো অতিরিক্ত হারে নির্গমন কমানোর বোঝা বহন করে দরিদ্র দেশগুলোর উন্নয়নের জন্য এ সুযোগ করে দিতে পারে। ইইউ সূত্র সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 08:51 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ব্রাসেলস, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইউরোপীয় ইউনিয়নের দরিদ্র সদস্য দেশগুলোকে কিছু বেশি মাত্রায় কার্বন ডাই অক্সাইড নির্গমনের সুযোগ দেওয়ার প্রস্তাব দেবে ইউরোপীয় কমিশন। ধনী ও পুরনো সদস্য দেশগুলো অতিরিক্ত হারে নির্গমন কমানোর বোঝা বহন করে দরিদ্র দেশগুলোর উন্নয়নের জন্য এ সুযোগ করে দিতে পারে। ইইউ সূত্র সোমবার একথা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা জানান, দরিদ্র দেশগুলোকে ২০২০ সাল পর্যন্ত ২০০৫ সালের স্তরের চেয়ে ২০ শতাংশ বেশি কার্বন নির্গমনের সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হবে। ২৩ জানুয়ারি প্রকাশিতব্য ইইউ'র নতুন জলবায়ু ও জ্বালানি পরিকল্পনায় এই প্রস্তাব থাকবে। সূত্রটি জানায়, দরিদ্র দেশগুলোকে এ সুযোগ দিতে ২৭ সদস্যের ইইউ'র সামগ্রিক কার্বন নির্গমন ২০২০ সাল নাগাদ ১৯৯০ সালের স্তরের চেয়ে ২০ ভাগ কমিয়ে আনার যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে তা বজায় রাখতে অতিরিক্ত হারে নির্গমন কমানোর বোঝা বহন করবে ১৫ টি পুরনো সদস্য দেশ। গবেষকরা বলছেন, এ লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে ১৫ টি ধনী দেশকে একযোগে ২০০৫ সালের স্তরের চেয়ে ২০ শতাংশ পর্যন্ত নির্গমন কমাতে হতে পারে। এক্ষেত্রে পুরনো সদস্য দেশগুলোর মধ্যে কে কি পরিমাণ নির্গমন করতে পারবে তা ঠিক করা হবে সংশ্লিষ্ট দেশগুলোর 'জিডিপি'র ভিত্তিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪২৫ ঘ.