২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৮ সাল পর্যন্ত মার্কিন সেনা উপস্থিতি চায় ইরাক

ইরাকের প্রতিরক্ষামন্ত্রী আবদুল কাদির সোমবার বলেছেন, সীমান্ত সুরক্ষার জন্য আরও ১০ বছর বিদেশি বাহিনীর সাহায্য প্রয়োজন। একইসঙ্গে তিনি বলেন, ২০১২ সালের আগ পর্যন্ত ইরাকি বাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সক্ষম হবে না। নিউইয়র্ক টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারটি পত্রিকাটির ইন্টারনেট সাইটে প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 08:28 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ওয়াশিংটন, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের প্রতিরক্ষামন্ত্রী আবদুল কাদির সোমবার বলেছেন, সীমান্ত সুরক্ষার জন্য আরও ১০ বছর বিদেশি বাহিনীর সাহায্য প্রয়োজন। একইসঙ্গে তিনি বলেন, ২০১২ সালের আগ পর্যন্ত ইরাকি বাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সক্ষম হবে না। নিউইয়র্ক টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারটি পত্রিকাটির ইন্টারনেট সাইটে প্রকাশিত হয়েছে। ইরাকি প্রতিরক্ষামন্ত্রী কাদিরের এ বক্তব্য যুক্তরাষ্ট্রের ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানের ইস্যুতে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাক্ষাৎকারে কাদির বলেন, "আমাদের হিসাব এবং সময়সীমা অনুযায়ী আমরা মনে করছি, ২০০৯ সালের প্রথম তিন মাস থেকে ২০১২ সালের মধ্যে আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়ের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হব।" তিনি বলেন, "সীমান্তের ব্যাপারে কোনো বিদেশি হুমকি থেকে প্রতিরক্ষার ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে ২০১৮-২০২০ সালের আগ পর্যন্ত আমরা কোনো বিদেশি হুমকির জবাব দিতে সক্ষম নই।" মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, ইরাকে মার্কিন সেনাবাহিনীর বছরের পর বছর ধরে থাকতে হতে পারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকাংশ প্রার্থী, বিশেষ করে ডেমোক্রেট প্রার্থীরা চাইছেন আরও অনেক আগে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে। ইরাকি প্রতিরক্ষামন্ত্রী কাদির বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। তার এ সফরের উদ্দেশ্য মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত নবগঠিত ইরাকি সেনাবাহিনীর জন্য অস্ত্র জোগাড় করা। নিউইয়র্ক টাইমস সূত্রে জানা গেছে, এসব অস্ত্রের মধ্যে রয়েছে স্থলযান, হেলিকপ্টার, ট্যাংক, কামান ও সশস্ত্র সেনা সদস্যদের বহনকারী সামরিক যান। প্রসঙ্গত, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সেনাবাহিনী ভেঙ্গে দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া, যুক্তরাষ্ট্র ও ইরাক জানিয়েছে, ইরাকে মার্কিন সেনাবাহিনীর বৈধ অবস্থান নিয়ে তারা একটি আনুষ্ঠানিক চুক্তি করবে। অবশ্য, তাদের মধ্যে এ নিয়ে আলোচনা এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪০২ ঘ.