ওয়াশিংটন, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্র এ বছর কারাবন্দি দুই লাখের বেশি অভিবাসীকে যার যার দেশে ফেরত পাঠাবে। দেশটির অভিবাসন বিষয়ক শীর্ষ কর্মকর্তা একথা জানিয়েছেন।
'ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট' (আইসিই) সংস্থার প্রধান জুলি মাইয়ার্স এ বিষয়ে নিউইয়র্ক টাইমস পত্রিকাকে বলেন, কারাগারগুলোতে থাকা অভিবাসী অপরাধীদের থাকা-খাওয়ার খরচ কমাতে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানের অন্যতম ইস্যুতে পরিণত হয়েছে অবৈধ অভিবাসীর বিষয়টি।
নিউইয়র্ক টাইমস পত্রিকা তাদের মঙ্গলবারের সংস্করণে জানিয়েছে, আইসিই ২০০৭ সালে আনুষ্ঠানিকভাবে এক লাখ ৬৪ হাজার অভিবাসীর বিরুদ্ধে অভিবাসন সংক্রান্ত অভিযোগ দায়ের করে। এসব অভিবাসী যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছে।
মাইয়ার্স পত্রিকাটিকে বলেন, ওইসব অভিবাসীর অনেককেই এ বছর ফেরত পাঠানোর জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সংস্থাটি ২০০৬ সালে ৬৪ হাজার কারাবন্দি অভিবাসীকে সনাক্ত করে এবং তাদের অধিকাংশকেই ফেরত পাঠানো হয়েছে।
মাইয়ার্স বলেন, গত বছর কেন্দ্রীয় প্রতিনিধিরা কারাবন্দি অভিবাসীদের খুঁজে বের করার তৎপরতা বৃদ্ধির পাশপাশি অভিবাসন সংক্রান্ত কার্যকলাপ সম্পন্ন করে। তাদের এ কাজের উদ্দেশ্য ছিল যাতে করে বন্দিদের যুক্তরাষ্ট্রের রাজপথে ছেড়ে না দিয়ে কারাগার থেকে সরাসরি যার যার দেশে ফেরত পাঠানো যায়।
নিউইয়র্ক টাইমসকে মাইয়ার্স বলেন, কারাবন্দি থাকা বিদেশিদের অনেকেই বৈধ অভিবাসী। কিন্তু অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তারা বৈধতা হারিয়েছেন।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আইসিই ২০০৭ সালে দুই লাখ ৭৬ হাজার নয়শ' ১২ জন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে অনেকেই ছিলেন যাদেরকে কখনওই অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য গ্রেপ্তার করা হয়নি। তাদেরকে ফেরত পাঠানো হয়েছিল নাগরিক অভিবাসী আইন লঙ্ঘনের জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১২৫০ ঘ.
bdnews24