জেরুজালেম, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট সোমবার বলেছেন, ইরানকে পরমাণু বোমা বনানো থেকে বিরত রাখতে ইসরায়েল প্রয়োজনীয় সব পদক্ষেপই বিবেচনা করবে।
পার্লামেন্টের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির এক বৈঠকে ওলমার্ট বলেন, "ইরানের পরমাণু হুমকি রুখতে সব ব্যবস্থাই খোলা আছে।" এর আগে তিনি জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের ক্ষেত্রে ইসরায়েল পেছনের সারিতে থাকতে চায়।
ওলমার্ট বলেন, "পরমাণু সমৃদ্ধ ইরানকে ইসরায়েল কখনো সহ্য করবে না এবং তারা সেটা করতে চাইলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থার সম্ভাবনাই আগে থেকে নাকচ করা যায় না।"
মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ ইসরায়েলই পরমাণু অস্ত্রের অধিকারী বলে ধারণা করা হয়। ইসরায়েল মনে করে ইরান ২০১০ সালের মধ্যে পরমাণু বোমা বানিয়ে ফেলবে। তাদের আশঙ্কা ইরাণ পরমাণু অস্ত্রের অধিকারী হলে ইহুদি রাষ্ট্র হিসেবে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। কিন্তু ইরান এই অভিযোগ নাকচ করে দিয়ে বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং জ্বালানী উৎপাদনের লক্ষেই তা পরিচালিত হচ্ছে।
মধ্যপ্রাচ্য সফররত মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরানের হুমকি মোকবেলায় আরব মিত্র দেশগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৩০ ঘ.
bdnews24