কাবুল, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবান বিদ্রোহীদের রাজনীতির মূল ধারার সঙ্গে সংশ্লিষ্ট করে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধের আশায় তাদের সঙ্গে শান্তি আলোচনার নতুন পদক্ষেপ নিয়েছে আফগানিস্তানের রাজনীতিক ও উপজাতীয় নেতাদের কাউন্সিল।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের শান্তি প্রচেষ্টা এর আগে কয়েক দফায় প্রত্যাখ্যান করেছে মোল্লা মোহাম্মদ ওমরের নেতৃত্বাধীন 'তালেবান মুভমেন্ট'। তারা জানিয়ে দিয়েছে, বিদেশি সেনারা দেশ ত্যাগ না করা পর্যন্ত তারা কোনোভাবেই আলোচনায় যোগ দেবে না।
চারটি প্রদেশের গর্ভনর, উপজাতীয় নেতা, আইনজীবীদের নিয়ে গঠিত ওই কাউন্সিলের সদস্যরা সোমবার প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দেখা করেছেন। শান্তি আলোচনার পদক্ষেপ নেওয়ার জন্য তারা কারজাইয়ের সম্মতি পেয়েছেন।
আফগানিস্তান ও পাকিস্তানে ক্রিয়াশীল আল-কায়েদা ও তালেবান বিদ্রোহীদের মোকাবেলায় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গত বছর এই কাউন্সিল দুদেশের নেতা ও সীমান্ত এলাকার নেতাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছিল।
ওই বৈঠকের পরে সীমান্ত এলাকায় জঙ্গিদের কার্যক্রম বেশ কমেছে এবং দুদেশের নেতাদের মধ্যে সহযোগিতার প্রবণতাও বেড়েছে।
কাউন্সিল তাদের নতুন পদক্ষেপে দক্ষিণ-পূর্বাঞ্চলের স্থানীয় জনগণ ও তালেবান কমান্ডারদের সঙ্গে আলোচনা করবে। আল-কায়েদা সমর্থিত জঙ্গিরা এই এলাকাগুলোতে সবচেয়ে সক্রিয়।
আফগানিস্তানে গত দুই বছরের সংঘাতে শতাধিক বিদেশি সেনাসহ দশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী তালেবানদের ক্ষমতা থেকে হটানোর পর এই সময়টাতে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে এবং এসবের অধিকাংশই ঘটেছে পাকিস্তান সীমান্তবর্তী এলাকাগুলোতে।
নতুন করে শুরু করা এই শান্তি প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন পূর্বাঞ্চলীয় নানগাহার প্রদেশের গর্ভনরের মুখপাত্র গুল আঘা শারজাই। তিনি বলেন, "সরকারের কর্মকাণ্ডে হতাশ তালেবান নেতাদের সঙ্গে আলোচনা শুরু ও জাতীয় সংহতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই প্রচেষ্টা শুরু করা হয়েছে।"
তিনি আরও বলেন, "আলকায়েদার সঙ্গে যোগাযোগ নেই এ রকম তালেবানদের সঙ্গেই আলোচনা করা হবে এবং তাদেরকে সরকারে অর্ন্তভূক্ত করার চেষ্টা করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/এফএইচবি/এএমটি/১৭২৫ ঘ.
bdnews24