২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অচল হৃৎপিণ্ড সচল করলেন মার্কিন বিজ্ঞানীরা

মরা ইঁদুরের দেহ থেকে হৃৎপিণ্ড খুলে নিয়ে গবেষণাগারে আবার তাকে সচল করতে সক্ষম হয়েছেন মার্কিন চিকিৎসাবিজ্ঞানীরা। তারা বলছেন মৃত হৃৎপিণ্ডকে 'স্পন্দনশীল' করার এ সাফল্য একদিন মানবদেহে প্রতিস্থাপন উপযোগী অঙ্গ আবিস্কারের দিকে নিয়ে যাবে বিজ্ঞানীদের। রোববার 'নেচার মেডিসিন' সাময়িকী মার্কিন বিজ্ঞানীদের এ সাফল্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 10:58 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

শিকাগো, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মরা ইঁদুরের দেহ থেকে হৃৎপিণ্ড খুলে নিয়ে গবেষণাগারে আবার তাকে সচল করতে সক্ষম হয়েছেন মার্কিন চিকিৎসাবিজ্ঞানীরা। তারা বলছেন মৃত হৃৎপিণ্ডকে 'স্পন্দনশীল' করার এ সাফল্য একদিন মানবদেহে প্রতিস্থাপন উপযোগী অঙ্গ আবিস্কারের দিকে নিয়ে যাবে বিজ্ঞানীদের। রোববার 'নেচার মেডিসিন' সাময়িকী মার্কিন বিজ্ঞানীদের এ সাফল্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। গবেষণার নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কার্ডিওভাসকুলার রিপেয়ার এর বিজ্ঞানী ডরিস টেইলর। সাময়িকীটি জানায়, এ গবেষণার একটি অন্যতম দিক হল এতে মানবশরীরে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত 'স্টেম সেল' ব্যবহার করা হয়েছে। টেইলর এবং তার সহকর্মীরা 'ডিসেলুরাইজেশন' নামের একটি প্রক্রিয়া ব্যবহার করে মরা ইঁদুরের হৃৎপিণ্ডটির মৌল কাঠামো অক্ষত রেখেই তা থেকে সব 'সেল' বা কোষগুলো বের করে ফেলেন। এরপর সদ্যজাত ইঁদুরের হৃৎপিণ্ড থেকে 'হৃৎপিণ্ড-কোষ' নিয়ে ইনজেকশনের মাধ্যমে মরা-হৃৎপিণ্ডটিতে তা প্রবেশ করান। পরে তাতে 'বিশেষ পুষ্টিসমৃদ্ধ তরল' প্রবেশ করিয়ে হৃৎপিণ্ডটির বেড়ে ওঠার জন্য তাকে গবেষণাগারের বিশেষ পরিবেশে ফেলে রাখেন। চারদিন পরেই ওই হৃৎপিণ্ডটির আস্তে আস্তে সংকোচন-প্রসারণ শুরু হয়। তখন বিজ্ঞানীরা একটি পেসমেকার দিয়ে এর সংকোচন-প্রসারণ প্রক্রিয়াকে সমন্বয় করতে শুরু করেন। এ পর্যায়ে হৃৎপিণ্ডটিকে তরলপদার্থ ভরা একটি ছোট পাম্পের নলের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় যাতে হৃৎপিণ্ডটির ভেতরে রক্তের মতো করে তরল পদার্থ ঢুকতে ও বেরোতে পারে। সাধারণ রক্তচাপের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার জন্য পাম্পটিতে কিছুটা চাপ প্রয়োগ করা হয়। এ প্রক্রিয়া চলতে থাকলে আটদিনের মাথাতেই হৃৎপিণ্ডটি নিজেই 'স্পন্দনশীল' বা সচল হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের ওই বিজ্ঞানী নারী রয়টার্সকে বলেছেন, "আমাদের স্বপ্ন হল মানব শরীরে প্রতিস্থাপন করা সম্ভব এমন অঙ্গ বানানো"। তিনি জানান, গবেষণাটি এখনও আঁতুড়ঘরেই আছে। তবে একইসঙ্গে তিনি বলেছেন এ পরীক্ষা সফল হলে তা মানবশরীরে অঙ্গ প্রতিস্থাপনে যুগান্তকারী অবদান রাখতে পারে বলেও আশাবাদী তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৩১ ঘ.