২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াবে ভারত

ভারত-চীন বাণিজ্য সম্পর্কন্নোয়নে একটি 'রোডম্যাপ' প্রণয়নের আহবান জানিয়েছেন চীন সফররত ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। বিশ্বের দ্রুততম বর্ধিষ্ণু অর্থনীতির দেশ দুটির মধ্যে বাণিজ্য ভারসাম্য কমিয়ে আনা এবং সম্পুরক ও প্রতিযোগিতামূলক বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার জন্য সমতা আনয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 09:40 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

বেইজিং, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারত-চীন বাণিজ্য সম্পর্কন্নোয়নে একটি 'রোডম্যাপ' প্রণয়নের আহবান জানিয়েছেন চীন সফররত ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। বিশ্বের দ্রুততম বর্ধিষ্ণু অর্থনীতির দেশ দুটির মধ্যে বাণিজ্য ভারসাম্য কমিয়ে আনা এবং সম্পুরক ও প্রতিযোগিতামূলক বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার জন্য সমতা আনয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সোমবার বেইজিংয়ে দুদেশের শীর্ষ বাণিজ্য কর্মকর্তাদের এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। মনমোহন সিং বলেন, বৃহত্তর অর্থনৈতিক সম্পর্কের জন্য একটি "রোডম্যাপ" প্রণয়ন করা দরকার যা "সম্পুরক এবং প্রতিযোগিতামূলক শক্তির ভিত্তিতে কাজ করবে"। ভারতের প্রধানমন্ত্রী বলেন, "অ-শুল্ক বাধা (নন ট্যারিফ ব্যারিয়ার) এবং আইপিআর (ইন্টেলেকচুয়্যাল প্রপার্টি রাইটস) সংরক্ষণসহ বাজার বিনিময়মূল্যের মতো ইস্যুগুলোর সুরাহা করে একটি সমতার অবস্থান সৃষ্টি করতে হবে।" তিনি বলেন, বর্তমান বিশ্ববাজারে সব দেশকেই প্রতিযোগিতা করতে হয়। তবে "এ প্রতিযোগিতা সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে বাধা নয় কিংবা বৈরীতাপূর্ণও নয়।" এ বাণিজ্য বৈঠকে অংশ নেওয়ার আগে রোবাবার রাতে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের আমন্ত্রণে এক বিশেষ নৈশভোজে অংশ নেন তিনি। সোমবার চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করার কথা রয়েছে তার। গত পাঁচ বছরের মধ্যে ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম চীন সফর। দুদেশের মধ্যে সীমান্ত বিরোধসহ বাণিজ্য ক্ষেত্রের নানা সমস্যা সত্ত্বেও থাকলেও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক দ্রুতগতিতে বাড়ছে। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে শুধু ২০০৭ সালেই দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৫৬ শতাংশ বেড়ে ৩৮ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫৩০ ঘ.