২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানিরা মনে করে বেনজির হত্যাকাণ্ডে সরকার জড়িত

প্রায় অর্ধেক পাকিস্তানিই মনে করে, সরকারি সংস্থা বা সরকার সংশ্লিষ্ট রাজনীতিকরা বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডে জড়িত। এক জনমত জরিপ সূত্রে রোববার একথা জানা গেছে। কিন্তু পাকিস্তানিদের ওই সন্দেহ আবারও নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 11:01 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ইসলামাবাদ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রায় অর্ধেক পাকিস্তানিই মনে করে, সরকারি সংস্থা বা সরকার সংশ্লিষ্ট রাজনীতিকরা বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডে জড়িত। এক জনমত জরিপ সূত্রে রোববার একথা জানা গেছে। কিন্তু পাকিস্তানিদের ওই সন্দেহ আবারও নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। গত বছরের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডি শহরে এক নির্বাচনী সমাবেশ শেষে ফেরার পথে গুলি ও বোমা হামলায় নিহত হন পাকিস্তান পিপল্স পার্টির প্রধান বেনজির ভুট্টো। মুশাররফ সরকার ওই হত্যাকাণ্ডের জন্য আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত পাকিস্তানি জঙ্গিদের দায়ী করে আসছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসাবে বিবেচিত এবং জঙ্গিবাদের কট্টর বিরোধী বেনজির মৃত্যুর আগে বলেছিলেন, আল কায়েদা অতীতে তাকে হত্যার চেষ্টা করেছে। এছাড়া, অক্টোবরে দেশে ফেরার আগেও তাকে হুমকি দেওয়া হয়েছিল আত্মঘাতী হামলায় হত্যা করার। কিন্তু অনেক পাকিস্তানি মনে করেন না, জঙ্গিরা বেনজিরকে হত্যা করেছে। 'গ্যালপ পাকিস্তান' পরিচালিত এবং রোববার রয়টার্স এর দেখা ওই জরিপের ফলে জানা যায়, মাত্র ১৭ শতাংশ পাকিস্তানি মনে করেন তালেবান বা আল-কায়েদা বেনজিরকে হত্যা করেছে। পাকিস্তানজুড়ে ১৩শ' লোকের ওপর জরিপটি চালানো হয়। জরিপে দেখা গেছে, ২৩ শতাংশ পাকিস্তানি মনে করেন সরকারি সংস্থা বেনজির হত্যাকাণ্ডে জড়িত। অন্যদিকে, ২৫ শতাংশ পাকিস্তানি মনে করেন সরকারের সঙ্গে সম্পর্কিত রাজনীতিকরা বেনজির হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন। জরিপে আরও দেখা গেছে, ২০ শতাংশ পাকিস্তানি মনে করেন, বেনজির হত্যাকাণ্ডের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দায়ী। এছাড়া, ভারত ওই হত্যাকাণ্ডে জড়িত বলে মনে করেন চার শতাংশ পাকিস্তানি। কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান পারভেজ মুশাররফ এ ধরনের অনুমানকে নাকচ করে বলেছেন, তার পুরাতন প্রতিপক্ষকে হত্যায় নিরাপত্তা সংস্থাগুলো ও সেনাবাহিনীর জড়িত থাকার অভিযোগ "একটি কৌতুক।" নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে মুশাররফ বলেন, "আমি এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করছি। আমাকে প্রত্যাখ্যান করতে হয়। আমি সরকার। ঠিক আছে?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলািকউ/১৬৩৩ ঘ.