নাইরোবি, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিক্ষোভকারীদের বিক্ষোভে বাধা না দেওয়ার জন্য কেনিয়া সরকারকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। তারা বলেছে, কেনিয়া সরকারের উচিত পুলিশকে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগ না করার নির্দেশ দেওয়া।
কেনিয়ায় ২৭ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে আগামী সপ্তাহে দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশের ঘোষণা দিয়েছে সরকারবিরোধীরা। বিতর্কিত ওই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি দ্বিতীয় মেয়াদে কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। সেই থেকে সব ধরনের বিক্ষোভ-সমাবেশের ওপর পুলিশের নিষেধাজ্ঞা জারি রয়েছে। বিরোধীদলীয় নেতা রাইলা ওদিঙ্গ অভিযোগ করে আসছেন, নির্বাচনে জালিয়াতি হয়েছে।
নির্বাচন পরবর্তী অচলবস্থা নিরসনে আফ্রিকান ইউনিয়নের (এইউ) মধ্যস্থতা ব্যর্থ হওয়ার পর বুধবার দেশব্যাপী বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে ওদিঙ্গার দল।
কেনিয়ায় ডিসেম্বরের নির্বাচনপরবর্তী দুই সপ্তাহের দাঙ্গা ও জাতিগত সহিংসতায় প্রায় পাঁচশ' লোকের প্রাণহানি হয়েছে। বিরোধীরা দাবি জানিয়ে আসছে, নিহতদের অনেকেই পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
রোববার এক বিবৃতিতে 'হিউম্যান রাইটস ওয়াচ' (এইচআরডব্লিউ) এর আফ্রিকা শাখার ভারপ্রাপ্ত পরিচালক জর্জেট গ্যাগনন বলেন, "কেনিয়ার নিরাপত্তা বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ড দমনের দায়িত্ব রয়েছে এবং তাদের উচিত জনগণকে সুরক্ষা দেওয়া। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অস্ত্র তাক করা উচিত নয় তাদের ।"
বিবৃতিতে বলা হয়েছে, "সরকারকে অবশ্যই এটি পরিষ্কার করতে হবে যে রাজনৈতিক মতাদর্শ প্রকাশকারী জনগণের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের জন্য পুলিশ দায়ী থাকবে।"
মানবাধিকার সংগঠন এইচআরডব্লিউ জানিয়েছে, তাদের কর্মচারিরা বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছেন যে ওদিঙ্গার শক্ত ঘাঁটি কিসুমুর বিক্ষোভের সময় পুলিশের গুলিতে কয়েক ডজন লোক মারা গিয়েছিল। অন্যদিকে, কেনিয়ার নিরাপত্তা বাহিনী বলে আসছে, তারা শুধুই লুটপাটকারীদের গুলি করেছে।
এইচআরডব্লিউ দাবি জানিয়ে বলেছে, সরকারের উচিত হবে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দেওয়া।
নির্বাচন পরবর্তী সহিংসতায় পূর্ব আফ্রিকার এ দেশটির অর্থনীতি এখন বিপর্যয়ের মুখে। এছাড়া, জাতিসংঘ বলছে, সহিংসতার কারণে কেনিয়ার আড়াই লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে এবং প্রায় পাঁচ লাখ লোকের জরুরি সাহায্য প্রয়োজন।
কেনিয়ার চলমান সঙ্কট নিরসনে কিবাকি ও ওদিঙ্গাকে একটি চুক্তিতে উপনীত করাতে এইউ সভাপতি ও ঘানার প্রেসিডেন্ট জন কুফুর ব্যর্থ হয়েছেন। তবে সমস্যা সমাধানে নতুন প্রচেষ্টা গ্রহণের লক্ষ্যে আগামী সপ্তাহে কেনিয়া সফরে আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৪৮ ঘ.
bdnews24