রামাল্লা, পশ্চিম তীর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র অর্জনের জন্য ইসরায়েল ও ফিলিস্তিনকে অতি শিগগিরি চুক্তির ধরন ঠিক করতে হবে। এ চুক্তি নিয়ে আগামী সপ্তাহে দু'পক্ষের মধ্যে আলাপ-আলোচনা হওয়ার কথা রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র চায় উভয় পক্ষ বিষয়গুলোর চূড়ান্ত অবস্থা এবং ২০০৮ সালের মধ্যে একটি চুক্তি সম্পাদনের ব্যাপারে আলাপ-আলোচনার মধ্য দিয়ে অগ্রগতি অর্জন করুক।
উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্রের উদ্যোগে অ্যানাপোলিসে অনুৃষ্ঠিত মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০৮ সালের শেষ নাগাদ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তিতে উপনীত হওয়ার এ সময়সীমা ঘোষণা দেন।
রামাল্লায় ওই মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, "দু পক্ষকে যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ... ... ... হাতে থাকা সময়ের মধ্যে যতটা অগ্রগতি অর্জন করা সম্ভব আমরা তা করতে চাই।"
এ বছরের শেষ নাগাদ যে চুক্তিতে উপনীত হওয়ার কথা তার ধরন নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে মতবিরোধ রয়েছে।
ইসরায়েল বলছে, তারা এমন একটি চুক্তি চায় যাতে ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি "কর্মকাঠামো" থাকবে। আর তা বাস্তাবায়িত হবে ফিলিস্তিনিরা যখন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে তখন।
অন্যদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চাচ্ছেন একটি চূড়ান্ত শান্তি চুক্তি। যে চুক্তির মাধ্যমে ২০০৮ সালের শেষ নাগাদ ফিলিস্তিনকে তিনি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩১৬ ঘ.
bdnews24