কাঠমান্ডু, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের সাবেক মাওবাদী গেরিলাদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ দিতে অস্বীকার করায় প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার সমালোচনা করেছে মাওবাদীরা।
জাতিসংঘের পর্যবেক্ষণ ক্যাম্পে অবস্থানরত প্রায় ৩১ হাজার সাবেক বিদ্রোহী সরকারের সঙ্গে মাওবাদীদের ২০০৬ সালের চুক্তির অনুযায়ী সেনাবাহিনীতে যোগ দেওয়ার অপেক্ষায় আছে। ওই চুক্তির মাধ্যমে মাওবাদীরা রাজনীতির মূল ধারায় যোগ দিয়েছে।
গণমাধ্যগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী কৈরালা সাবেক বিদ্রোহীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিরোধিতা করেছেন। নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের এই সব লোককে সেনাবাহিনীতে না এনে তিনি একটি আলাদা বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন। ওই বাহিনী কলকারখানা ও ব্যবসা-প্রতিষ্ঠানের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।
ঊর্ধ্বতন মাওবাদী নেতা বাবুরাম ভট্টরায় প্রধানমন্ত্রীর প্রস্তাবকে দায়িত্বজ্ঞানহীন বলে প্রত্যখান করে বলেছেন, তাদের যোদ্ধাদের অবশ্যই সেনাবাহিনীতে ঢোকাতে হবে।
তিনি বলেন, "এটি খুবই বিরক্তিকর। আমরা বিষয়টিকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিয়েছি।"
তিনি আরও বলেন, "২০০৬ সালে সরকারের সঙ্গে যে চুক্তি হয়েছিল তার অন্যতম শর্ত ছিল মাওবাদী যোদ্ধাদের সেনাবাহিনীতে অন্তর্ভূক্ত করতে হবে।"
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক মাওবাদী যোদ্ধাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে একটি যৌথ কমিশন গঠন করা হতে পারে।
নির্বাচনের আগেই নেপালকে প্রজাতন্ত্র ঘোষণায় মাওবাদীদের দাবির মুখে গত মাসে পার্লামেন্ট নির্বাচনের পরপরই রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা করে। এই দাবি মেনে নেওয়ায় কয়েক মাস পর মাওয়াবাদীরা আবার সরকারে যোগ দেয়।
আগামী ১২ এপ্রিল নেপালে পার্লামেন্ট নির্বাচন হতে পারে। কিন্তু সাবেক মাওবাদী যোদ্ধাদের সেনাবাহিনীতে যোগ দিতে প্রধানমন্ত্রীর বিরোধিতার কারণে এ নিয়ে আবারও অচলাবস্থার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪০ ঘ.
bdnews24