সাও পাওলো, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ব্রাজিলের সাও পাওলো মিউজিয়াম অব আর্ট থেকে চুরি যাওয়া শিল্পী পাবলো পিকাসোর বিখ্যাত চিত্রকর্ম "পোট্রেট অফ সুজান ব্লচ" উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে চুরি যাওয়া এক ব্রাজিলীয় শিল্পীর আরেকটি চিত্রকর্মও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় দুজনকে আটক করেছে দেশটির পুলিশ। প্রায় তিন সপ্তাহ আগে চিত্রকর্মদুটি চুরি গিয়েছিল।
উদ্ধারকরা অপর চিত্রকর্মটি হল ব্রাজিলিয়ান শিল্পী ক্যানডিনো পোর্তিনারি'র "দ্য কফি ওয়ার্কার"।
চিত্রকর্ম দুটির অর্থমূল্য একত্রে প্রায় সাড়ে পাঁচ কোটি ডলার বলে জানা গেছে।
সাও পাওলোর শহরতলীতে একটি বাড়ি থেকে চিত্রকর্ম দুটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক দুজনের একজন ফ্রান্সিসকো লেয়ার্তোন লোপেস ডি লিমাকে প্রায় ১০ দিন আগে আটক করা হয়। তাকে আটকের সূত্র ধরে অপরজন ৩২ বছর বয়সী রবসন ডি জেসাস জোরদাও-কে মঙ্গলবারই আটক করতে সক্ষম হয় পুলিশ।
সাও পাওলোর পুলিশ প্রধান মাওরিচিও ফ্রেইরি বলেছেন, আটক দুই ব্যক্তি একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য বলে সন্দেহ করছেন তারা। এদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এ ধরনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং এর আগেও জাদুঘর থেকে বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরির বিষয়ে এ চক্রটি জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ করছেন তারা।
তিনি বলেন, " আটক দুজন নিঃসন্দেহে তাদের নিজেদের কাছে রেখে দেওয়ার জন্য ওই চিত্রকর্ম দুটি চুরি করেনি।"
ফ্রেইরি বলেন, "তারা কার বা কাদের নির্দেশে ওই চুরি করেছিল এবং শিল্পকর্মদুটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেটা খুঁজে বের করাই এখন তদন্তের মূল লক্ষ্য।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৫৫ ঘ.
bdnews24