জেরুজালেম, জানুয়ারি, ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বুধবার ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টায় মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েল পৌঁছেছেন। প্রেসিডেন্সির মেয়াদ শেষের আগে মধ্যপ্রাচ্য শান্তিচুক্তি করার চেষ্টায় সফল হওয়া নিয়ে সংশয়ের মুখেই তিনি এই সফরে গেলেন। ইরানের বিরুদ্ধে আরবদের সমর্থন আদায়ের চেষ্টা নেওয়াও বুশের এ সফরের আরেকটি উদ্দেশ্য।
এ বছরের শেষ নাগাদ ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তি করার লক্ষ্যে শুরু হওয়া নড়বড়ে শান্তি আলোচনা বেগবান করার চেষ্টায় বুশ এই প্রথম ইসরায়েল এবং পশ্চিমতীর সফরে গেলেন।
ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে বুশ বলেন, " একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রুপরেখা প্রনয়ণই দীর্ঘদিনের মধ্যপ্রাচ্য বিরোধের শান্তিপূর্ণ সমাধান এনে দিতে পারে। আর সেটিই এখন হওয়া উচিত।"
কিন্তু ২০০৯ সালে বুশের প্রেসিডেন্সির মেয়াদ শেষের আগে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে এরকম কোনো চুক্তির সম্ভাবনা ক্ষীণ। নভেম্বরে মেরিল্যান্ডের অ্যানাপোলিস সম্মেলনে ৭ বছর পর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনার ধারাবাহিকতায় দুপক্ষের মধ্যকার পরবর্তী তিনদফা আলোচনায় কোনো অগ্রগতি হওয়ার আশা নেই।
বুশের আগমন উপলক্ষ্যে ইসরায়েলে নিরাপত্তা জোরদার করেছে। সপ্তাহব্যাপী এ সফরের শুরুতেই তেলআবিব বিমানবন্দরে পদার্পণ করামাত্রই বুশকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও শিমন পেরেজ। দুই নেতার সঙ্গে জেরুজালেমে বৈঠকের পর বুশ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার পশ্চিম তীর যাবেন।
দুই নেতার সঙ্গে দেখা করে বুশ তাদেরকে ভেঙে পড়া আলোচনা আবারও শুরু করতে এগিয়ে আসার জন্য রাজি করানোর চেষ্টা করবেন।
ফিলিস্তিনের রকেট হামলার অভিযোগে ইসরায়েল ইতোমধ্যেই গাজায় হামলা জোরদারের হুমকি দিয়েছে। উপরন্তু ইসরায়েল অধিকৃত অঞ্চলে নতুন করে আরও ইসরায়েলি বসতি স্থাপনের সিদ্ধান্ত নেয়ায় ফিলিস্তিন মনক্ষুন্ন। যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েলকে এ পদক্ষেপ থেকে বিরত রাখতে বুশ কতটুকু চাপ দেবেন তা নিয়ে সংশয় আছে।
মধ্যপ্রাচ্য সঙ্কটে নজর না দেওয়ার জন্য বুশ দীর্ঘদিন থেকেই সমালোচনার শিকার হয়ে আসছেন। এখন মেয়াদ শেষে আগে আগে মধ্যপ্রাচ্য সফর করে বুশ এ সঙ্কট নিরসনের চেষ্টায় জড়িত হওয়ার প্রতিশ্র"তি পূরণের বিষয়টিই যেন প্রমাণ করতে চাইছেন।
সফরকালে মধ্যপ্রাচ্য সঙ্কট নিয়ে নাড়াচাড়া করার পাশাপাশি ইরানের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নেওয়ার জন্য আরব দেশগুলোর সহায়তা কামনা করারাও চেষ্টা নেবেন বুশ। এ লক্ষ্যে তিনি কুয়েত, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং মিসরে যাত্রাবিরতি করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১১ঘ.
bdnews24