ওয়াশিংটন, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বুশের ইরাক নীতি সমর্থন করেন না অধিকাংশ মার্কিন কূটনীতিক। আর এটিই কূটনীতিকদের ইরাকে যেতে না চাওয়ার মূল কারণ-- ইরাক যেতে চান না এমন মার্কিন কূটনীতিকদের প্রায় অর্ধেকই একথা বলেছেন। তাছাড়া, বুশের নীতিকে সমর্থন দেওয়ায় পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের ওপরও আস্থা হারিয়েছেন কূটনীতিকরা। আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের মঙ্গলবার প্রকাশিত এক জরিপ ফলে একথা বলা হয়েছে।
মার্কিন কূটনীতিকদের সংস্থাটির জরিপে বলা হয়েছে, প্রতি ১০ জনের ৪ জন মনে করেন প্রেসিডেন্ট বুশের নীতিকে সমর্থন দিয়ে খুবই খারাপ কাজ করছেন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।
জরিপে অংশ নেওয়া কূটনীতিকদের ৪৮ শতাংশ বলেছেন, বুশের ইরাক নীতিকে সমর্থন করেন না বলেই ইরাকে যেতে চান না তারা। এছাড়া, অন্যান্য কারণের মধ্যে নিরাপত্তার সমস্যা, পরিবার থেকে দূরে থাকা এবং 'অর্পিত দায়িত্ব পালনে বাধার' সম্মুখীন হওয়ার কথা জনিয়েছেন তারা।
অংশগ্রহণকারীদের ৬৮ ভাগ বলেছেন, গত বছর কূটনীতিকদের জোর করে ইরাকে পাঠানোর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সিদ্ধান্ত মেনে নিতে পারেন নি তারা।
ফরেন সার্ভিস ক্যাডারের ৪,৩১১ জন সদস্য এ জরিপে অংশ নেন। এ ক্যাডারের মোট সদস্য সংখ্যা প্রায় ১১,৫০০ জন। গত বছরের শেষ দিকে জরিপটি চালানো হয়।
'আমেরিকান ফরেইন সার্ভিস অ্যাসোসিয়েশন' মার্কিন প্রশাসনের কেবলমাত্র নিয়মিত কূটনৈতিক ক্যাডারের সদস্যদের প্রতিনিধিত্ব করে থাকে। রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কূটনীতিকরা এ সংস্থার সদস্য নন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪৪০ ঘ.
bdnews24