জাকার্তা, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর শারীরিক অবস্থা মঙ্গলবার আরও খারাপ হয়েছে। তার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ সঠিকভাবে কাজ করছে না। তাকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসকরা জোর চেষ্টা চালাচ্ছেন। সুহার্তোর চিকিৎসা দলের এক সদস্য একথা জানিয়েছেন।
সুহার্তোর এক পারিবারিক বন্ধু রয়টার্সকে জানিয়েছেন, সুহার্তোর ছয় সন্তান, জামাই-মেয়ে এবং নাতি-নাতনিদের সবাই হাসপাতালে তাকে সঙ্গ দিচ্ছেন।
মঙ্গলবার বিকালে সুহার্তোর চিকিৎসক দলের এক সদস্য জানিয়েছেন, তার অবস্থা আরও খারাপ হয়েছে। এছাড়া তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম বলেও জানান আরেক চিকিৎসক।
৮৬ বছর বয়সী সুহার্তোর রক্ত শূন্যতা এবং নিম্ন-রক্তচাপজনিত সমস্যা দেখা দিলে গত শুক্রবার তাকে জাকার্তার পার্তামিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের ৪০ সদস্যবিশিষ্ট একটি দল তার হৃদযন্ত্র, ফুসফুস ও কিডনির সমস্যার চিকিৎসা করছেন।
সাবেক এ পাঁচ তারকা জেনারেলের চিকিৎসা দলের প্রধান মারদজো সোয়েবিয়ানদোনো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, "সুহার্তো খুবই অস্থিতিশীল অবস্থায় আছেন। তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মধ্যে রাখা দরকার।"
শুক্রবারের আগেও বিভিন্ন শারীরিক সমস্যার কারণে সুহার্তোকে বেশ কয়েকবার হাসপাতালের চিকিৎসা নিতে হয়েছে। তবে এর আগে যখন সুহার্তোকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখনকার চেয়ে তার এবারের অবস্থা ছিল বেশি খারাপ।
প্রসঙ্গত, ১৯৬৫ সালে এক সেনা অভুত্থানের মাধ্যমে বিশ্বের চতুর্থ জনবহুল দেশ ইন্দোনেশিয়ার ক্ষমতায় আসেন সুহার্তো। সেই থেকে টানা ৩২ বছরের শাসন শেষে ১৯৯৮ সালে গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭৫১ ঘ.
bdnews24