কলম্বো, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম মঙ্গলবার অল্পের জন্য একটি হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। এক অনুষ্ঠানে একজন যুবক তাকে ছুরিকাঘাতে চেষ্টা চালায়। তবে অপর এক যুবক ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁধা দিলে বেঁচে যান গাইয়ুম।
প্রেসিডেন্টের মুখপাত্র মোহাম্মেদ শরীফ এ ঘটনাকে হত্যা প্রচেষ্টা হিসাবে অভিহিত করে গাইয়ুম অক্ষত রয়েছেন বলে জানান।
রয়টার্সকে তিনি বলেন, "প্রেসিডেন্ট একটি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের উদ্বোধন শেষে সমর্থকদের সঙ্গে করমর্দন করার সময় এক যুবক রান্নাঘরে ব্যবহৃত লম্বা একটি ছুরি নিয়ে এসে তাকে আঘাত করার চেষ্টা করে।"
তিনি বলেন, "তখন অপর এক যুবক মাঝপথে হামলাকারী যুবককে থামিয়ে দিলে প্রেসিডেন্ট রক্ষা পান। যুবকটি ওই হামলাকারীর কাছ থেকে ছুরিটি কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং এতে তার হাতে মারাত্মক জখম হয়েছে।"
তিনি আরও বলেন, "প্রেসিডেন্ট আঘাত পাননি। তবে তার শার্টে ছুরির আঘাত লেগেছে। নিশ্চিতভাবেই এটা ছিল তার প্রাণনাশের প্রচেষ্টা।"
মুখপাত্র জানান, হামলাকারী যুবককে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, স্থানীয় অধিবাসীরা জানিয়েছে হামলাকারী যুবক উগ্রবাদী ইসলামী দৃষ্টিভঙ্গি পোষণ করতো।
তবে মুখপাত্র বলেছেন একে ইসলামপন্থী উগ্রবাদীদের চেয়ে গাইয়ুমের বিরোধী পক্ষের প্রচেষ্টা বলেই মনে করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৫৩১ ঘ.
bdnews24