২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরমুজে মার্কিন জাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল ইরানিরা: পেন্টাগন

ইরানি নৌসেনারা মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের অন্যমত সমুদ্রপথ পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর জাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল বলে দাবি করেছে পেন্টাগন। কিন্তু ইরানি কর্তৃপক্ষ এ দাবি নাকচ করে দিয়েছে। ওদিকে হোয়াইট হাউস এ ঘটনাকে উস্কানিমূলক বলে তেহরানকে ভবিষ্যতে ওই ধরনের আচরণের বিষয়ে সতর্ক করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 06:20 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ওয়াশিংটন, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানি নৌসেনারা মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের অন্যমত সমুদ্রপথ পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর জাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল বলে দাবি করেছে পেন্টাগন। কিন্তু ইরানি কর্তৃপক্ষ এ দাবি নাকচ করে দিয়েছে। ওদিকে হোয়াইট হাউস এ ঘটনাকে উস্কানিমূলক বলে তেহরানকে ভবিষ্যতে ওই ধরনের আচরণের বিষয়ে সতর্ক করে দিয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা জানান, রোববার সকালে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের তিনটি জাহাজের দিকে ইরানের পাঁচটি টহলযান আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে গিয়ে মার্কিন জাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। একইদিন হোয়াইট হাউসের মুখপাত্র গর্ডন জনড্রোয়ি বলেন, "আমরা ইরানিদের প্রতি আহ্বান জানাচ্ছি ওই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে। যে ধরনের ঘটনা ভবিষ্যতে ভয়াবহ ঘটনার সৃষ্টি করতে পারে।" মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটনের স্থানীয় সময় শনিবার রাতের শেষ দিকে (গ্রিনিচ সময় রোববার ০৪০০ ঘণ্টায়) হরমুজ প্রণালীতে এ ঘটনা ঘটে। এদিকে, ইরান ওই ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগকে প্রত্যাখ্যান করে বলেছে, ঘটনাটি ছিল সাধারণ এবং তার সমাধান হয়ে গেছে। কিন্তু পেন্টাগন ইরানের এ পদক্ষেপকে "অসতর্ক, বেপরোয়া ও সম্ভাব্য শত্র"তাপূর্ণ" হিসাবে অভিহিত করে বলেছে, তেহরানের উচিত এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, "এটা খুবই স্পর্শকাতর এলাকা এবং সেখানে ঘটনা ঘটার আশঙ্কা সত্যিই তীব্রতর হচ্ছে।" তিনি বলেন, "তেহরানে যে সরকার রয়েছে তাদের ওপর যে কোনোভাবেই আস্থা রাখা যায় না এ ঘটনা সে তারই সতর্কবাণী।" উপসাগরে মার্কিন নৌ ঘাঁটির ফিফথ ফ্লিথের কমান্ডার ভাইস অ্যাডমিরাল কেভিন কসগ্রিফ বলেন, আন্তর্জাতিক জলসীমায় থাকা যুক্তরাষ্ট্রের তিনটি জাহাজের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এসেছিল ইরানের পাঁচটি টহল নৌকা। তাদের কর্মকাণ্ড ছিল " অসঙ্গতভাবে উস্কানিমূলক।" কসগ্রিফ বাহরাইনে তার সদর দফতর থেকে ভিডিওলিংক এর মাধ্যমে পেন্টাগনে সাংবাদিকদের বলেন, "জাহাজগুলো একটি বেতার বার্তা পেয়েছিল। সেটি ছিল হুমকির মতো। তাতে এটা জানানো হচ্ছিল যে তারা আমাদের জাহাজগুলোর দিকে আসছে এবং যুক্তরাষ্ট্রের জাহাজগুলো উড়িয়ে দেওয়া হবে।" ইরানের পরমাণু কর্মসূচির পাশপাশি সন্ত্রাসবাদ ও ইরাক ইস্যুতে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনাকর সম্পর্কের সর্বশেষ লক্ষণ হিসাবে বিবেচিত হচ্ছে হরমুজ প্রণালীর এ ঘটনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২১০ ঘ.