কাঠমান্ডু, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রায় ক্ষমতাশূন্য নেপালের রাজা জ্ঞানেন্দ্রর দেড় হাজারের মতো সমর্থক সোমবার রাজতন্ত্র বিলুপ্তির বিরুদ্ধে রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ করেছে। রাজতন্ত্র বিলুপ্তির বিষয়ে পার্লামেন্টে প্রস্তাব অনুমোদনেরও বিরোধিতা করে তারা।
নেপালের অন্তর্বর্তী পার্লামেন্ট গত মাসে দেশটির প্রায় ২৪০ বছরের রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্তির জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে। মাওবাদী গেরিলাদের সঙ্গে সম্পাদিত শান্তি চুক্তি অনুসারে ওই প্রস্তাব অনুমোদন করে সরকার। এর ফলে আগামী এপ্রিল মাসে অনুষ্ঠেয় 'সংবিধান সংশোধনে সক্ষম' গণপরিষদ নির্বাচনের পর নেপাল একটি প্রজাতন্ত্রে পরিণত হবে।
সোমবার রাজধানী কাঠমান্ডুর ওই বিক্ষোভ-শোভাযাত্রায় রাজা জ্ঞানেন্দ্রপন্থি সংগঠন 'রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি নেপাল' এর সমর্থকরা "প্রজাতন্ত্র নিপাত যাক" লেখা প্ল্যাকার্ড বহন করে এবং "সাংবিধানিক রাজতন্ত্র দীর্ঘজীবী হোক" বলে স্লোগান দেয়।
২০০৫ সালে রাজা জ্ঞানেন্দ্র এককভাবে ক্ষমতা কুক্ষিগত করার পর দেশটির দীর্ঘদিনের রাজতন্ত্রের বিরুদ্ধে চরম জনঅসন্তোষ দেখা দেয়ে। পরে ২০০৬ সালে মাওবাদীদের নেতৃত্বে ব্যাপক গণবিক্ষোভের মুখে নেপালের নতুন সরকারের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরে বাধ্য হন জ্ঞানেন্দ্র। এরপর একে একে রাজা জ্ঞানেন্দ্রর সকল ক্ষমতা নিয়ে নেয় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৯১৫ ঘ.
bdnews24