সউল, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলের কাছে সোমবার একটি নির্মাণাধীন হিমায়িত খাদ্যগুদামে ভয়াবহ আগুন লেগে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এছাড়া, নিখোঁজ রয়েছে আরও প্রায় ১৭ জন। দমকলবাহিনীর এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
রাজধানী সউল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের ইচিয়নে ওই আগুন লাগার পর বেশ কয়েকটি বিস্ফোরণও হয়।
দমকলবাহিনীর ওই কর্মকর্তা জানান, দমকলকর্মীরা ১০ জনকে উদ্ধার করেছেন এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অন্যান্যদের উদ্ধার করার কাজ ধীর গতিতে এগুচ্ছে।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এলাকাটিতে আড়াইশ'র বেশি দমকলকর্মী নিয়োজিত রয়েছেন। তবে কীভাবে ভয়াবহ এ আগুন লাগল সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি উদ্ধারকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭০৫ ঘ.
bdnews24