দুবাই, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরের সময় বোমা মেরে বুশকে স্বাগত জানাতে ইসলামী জঙ্গিদের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকান আল-কায়েদা নেতা আদম গাধন। রোববার ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিও টেপে তিনি এই আহ্বান জানান।
আদম গাধন বলেন, "বুশকে স্বাগত জানান ফুল আর তালি দিয়ে নয়, বোমা মেরে আর ফাঁদ পেতে।" মার্কিন জনগণের উদ্দেশে নির্মিত ৫০ মিনিটের ওই ভিডিও টেপে ইংরেজির পাশাপাশি তিনি আরবিতেও কথা বলেছেন।
আমেরিকানদের কাছে আযম হিসেবে পরিচিত গাধন 'এন ইনভাইটেশন টু রিফ্লেকশন অ্যান্ড রিপেনটেন্স' নামের ওই টেপে মার্কিন পররাষ্ট্রনীতির দুর্বলতা ও ইসলামের কাছে পশ্চিমা খ্রিস্টীয় সভ্যতার পরাজয় নিয়ে ব্যাখ্যা দিয়েছেন।
আরব স্টাইলের লাল-সাদা স্কার্ফ পরা গাধন বলেন, "আমেরিকানরা সম্ভবত প্রথমেই এই প্রশ্ন করতে পারে: আমেরিকানরা কি সত্যিই পরাজিত? এর উত্তর হ্যাঁ এবং অবশ্যই সব ক্ষেত্রে।"
গাধন আরও বলেন, "আমেরিকান তার মিত্রদের কর্মকর্তারা বারবার বলে আসছেন, ইরাক ও আফগানিস্তানে তারা মুজহিদিনদের সামরিকভাবে মোকাবেলা করতে চান না। কিন্তু সেখানেই তারা যুদ্ধ জয়ের জন্য লড়ে যাচ্ছে।"
গাধন বলেন, "পাকিস্তান, চেচনিয়া, উত্তর আফ্রিকা ও সোমালিয়ায়ও মুসলিম যোদ্ধাদের হাতে মার্কিনিরা পরাজিত হচ্ছেন।"
ভিডিও টেপটির গ্রহণযোগ্যতা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি। তবে আল-কায়েদার গণমাধ্যম শাখা আস-শাহাব এটি ছেড়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণকারী গাধন একজন ধর্মান্তরিত মুসলমান। ১৭ বছর বয়সে তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। এর কয়েক বছর পর তিনি পাকিস্তান চলে যান। ধারণা করা হয় তিনি এখনও পাকিস্তানেই আছেন।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর তিনিই প্রথম আমেরিকান দেশদ্রোহী। তাকে ধরিয়ে দেওয়ার জন্য মার্কিন সরকার এক মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে রেখেছে।
আল-কায়েদার পক্ষে গাধন একাধিক ভিডিও টেপ প্রকাশ করেছেন। ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বর্বরতার প্রতিবাদে গত আগস্টে তিনি তাদের দূতাবাস ও কূটনীতিকদের ওপর হামলার হুমকি দেন। এর আগে তিনি গত মে মাসে যুক্তরাষ্ট্রে নাইন ইলিভেনের চেয়ে বড় হামলার হুমকি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২০ ঘ.
bdnews24