করাচি, জানুয়ারি, ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)আগামী মাসের নির্বাচনে জিতে সরকার গঠন করলে প্রয়াত বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের জাতিসংঘ তদন্ত আহ্বান করবে। পার্টির একজন মুখপাত্র রোববার একথা বলেছেন।
বেনজিরকে হত্যাকারীদের পরিচয় এবং উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছে পিপিপি। বেনজিরের দলের ঊর্ধ্বতন কর্মকর্তা ফরহাতুল্লাহ বাবর বলেন, " পিপিপি ক্ষমতায় আসলে আমরা হত্যাকাণ্ডের জাতিসংঘ তদন্তের অনুরোধ জানাব।" বেনজির নিহত হওয়ার জন্য সরকারকেই দায়ী করে আসছে পিপিপি।
ওদিকে, বেনজির হত্যাকাণ্ড নিয়ে দিনদিনই ভোল পাল্টাচ্ছে সরকার। সরকার প্রথমে বেনজির হত্যার জন্য আল-কায়েদাকে দায়ী করে। টিভি ফুটেজে একজন লোককে গুলি ছুঁড়তে দেখা যাওয়ার পরও গাড়ির সানপ্র"ফে মাথায় আঘাত পেয়ে বেনজিরের মৃত্যু হয়েছে বলে সরকার দাবি করে। রোববার প্রেসিডেন্ট মুশাররফ গুলিতে বেনজিরের মৃত্যুর কথা স্বীকার করলেও তিনি বেনজিরকেই তার মৃত্যুর জন্য দায়ী করেন।
সরকারের এই ঘোলাটে বক্তব্যের কারণে পাকিস্তানে সন্দেহ দেখা দিয়েছে যে, বেসামরিক নেতৃত্বাধীন গণতন্ত্রে পাকিস্তানের উত্তরণবিরোধী সরকার বা সেনাবাহিনী হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকতে পারে।
মুশাররফ গত সপ্তাহে ঘোষণা দেন, ব্রিটিশ পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের দল বেনজির হত্যাকাণ্ড তদন্তে সহয়েতা করবে। কিন্তু এর পাশাপাশি জাতিসংঘ তদন্তের জন্য পিপিপি'র আহ্বানের কথা বলেননি মুশাররফ।
বাবর বলেন, "স্কটল্যান্ড ইয়ার্ড টীম পিপিপি'র সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। কিন্তু আমাদের বিশ্বাস, স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্তের গন্ডি ইতোমধ্যেই বেঁধে দেওয়া হয়েছে।"
বেনজির নিহত হওয়ার আগেই তাকে যারা হত্যা করতে পারে তাদের নাম উল্লেখ করে মুশাররফকে চিঠি দিয়েছিলেন। কিন্তু বাবর বলেন, বেনজির যাদের নাম বলেছিলেন তাদেরকে যে তদন্তের আওতায় আনা হবে না তা স্পষ্টই বোঝা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২১ঘ.
bdnews24