লন্ডন, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, বিশ্ব অর্থনীতির "জটিল ও বিপজ্জনক পরিস্থিতিতে' ব্রিটেন এখন পরীক্ষার মুখোমুখি। তবে এই পরীক্ষার মুখেও ব্রাউন স্থিতিশীলতা নিশ্চত করতে জনপ্রিয় না হলেও দীর্ঘ-মেয়াদী সিদ্ধান্ত গ্রহণের অঙ্গীকার করেন।
ব্রিটেনের সাপ্তাহিক পত্রিকা 'দ্য অবজারভার' এ দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাউন বলেন, অবকাঠামো, পরিবহন ও পরামণু জ্বালানির মতো বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ২০০৮ সাল তার সরকারের জন্য চূড়ান্ত বছর।
সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের কাছ থেকে ছয় মাস আগে দায়িত্ব গ্রহণের পর গত বছরের শেষ দিকে বেশ কিছু পদক্ষেপের জন্য বিরোধী কনজারভেটিভ পার্টির চেয়ে জনমত জরিপে পিছিয়ে পড়েছে ব্রাউনের নেতৃত্বাধীন লেবার পার্টি। অবশ্য, ২০১০ সালের আগে নির্বাচন দিতে হচ্ছে না ব্রাউনকে।
শনিবার রাতে প্রকাশিত অবজারভারকে দেওয়া ওই সাক্ষাৎকারে ব্রাউন বলেন, "এ বছরই আমরা সমস্ত গুরুত্বপূর্ণ দীর্ঘ-মেয়াদী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তাবায়ন করতে চলেছি। যেসব সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য ব্রিটেনকে সুরক্ষা দেবে।"
ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রাউন এমন সময়ে এ বক্তব্য দিলেন যখন কয়েক দিনের মধ্যেই পরিবেশবাদী ও লেবার পার্টির কিছু সদস্যের বিরোধিতা সত্ত্বেও সরকার নতুন প্রজন্মের জন্য পরমাণু জ্বালানি কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিতে চলেছে।
পরমাণু কেন্দ্র স্থাপনের ওপর গুরুত্বারোপ করে ব্রাউন সাক্ষাৎকারে বলেন, "আপনি আজকের তেলের দামের দিকে তাকালে দেখবেন, জনগণ আমাদের কাছে এমন একটি কৌশল আশা করছে যাতে শুধু নিরাপদ জ্বালানির বিষয়টিই থাকবে না বরং তাতে জ্বালানির একটি ন্যায়সঙ্গত মূল্যর পাশাপাশি জ্বালানি নিয়ে অন্য দেশের ওপর পুরোপুরি নির্ভরশীল না থাকার বিষয়টিও থাকতে হবে।"
ব্রাউন বলেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তৃতীয় একটি রানওয়ে ও রাজধানীতে ক্রসরেল ট্রেন যোগাযোগসহ আগামী কয়েক বছরের মধ্যে ৩০ লাখ বাড়ি নির্মাণের মতো প্রকল্পের ব্যাপারেও সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।
ব্রাউন আরও বলেন, "নিশ্চিতভাবেই এসব সিদ্ধান্তের কয়েকটি বিতর্কিত। এছাড়া এসবের কিছু আছে দীর্ঘ মেয়দে বাস্তাবায়নের বিষয়। তবে অগ্রাধিকার প্রকল্পগুলো বাস্তবায়ন শেষে তহবিল থাকলে বাকী খাতে তা বিনিয়োগ করতে হবে।"
ভারত ও চীনের মতো উদীয়মান অর্থনৈতিক শক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ব্রিটেনের এ ধরনের দীর্ঘ-মেয়াদী সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি।
ব্রাউন বলেন, এক দশক আগে লেবার পার্টি ক্ষমতায় আসার পর তাদের গৃহীত সিদ্ধান্তগুলো মুদ্রস্ফিীতি কম রাখায় সাহায্য করেছে। এর ফলে অর্থনৈতিক গোলযোগ থেকে রক্ষা পেয়েছে ব্রিটেন।
তিনি বলেন, "বিশ্ব অর্থনীতি এখন জটিল ও বিপজ্জনক সময় পার করছে। তবে আমি এটাও বিশ্বাস করি যে, বিশ্ব অর্থনীতির এ অশান্ত পরিস্থিতিতে অন্যদের চেয়ে ব্রিটেন নিজ অবস্থান ভালভাবেই ধরে রেখেছে।"
অবশ্য ব্রাউন স্বীকার করেছেন যে, ভবিষ্যত সম্পর্কে তার সরকারের অনেক সিদ্ধান্ত জনপ্রিয় হবে না। তবে সরকারের কঠিন কিছু সিদ্ধান্ত সমর্থন না করার জন্য তিনি বিরোধীদলগুলোর বিরুদ্ধে অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩১৪ ঘ.
bdnews24