কলম্বো, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার উত্তরাঞ্চলে তামিল টাইগার গেরিলাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে ৩৪ গেরিলা এবং ১ সেনা নিহত হয়েছে। সেনা কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন।
সেনা কর্মকর্তারা জানান, উত্তরাঞ্চলের জাফনা উপদ্বীপ এবং ভানুনিয়া ও মান্নার জেলায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩৪ গেরিলা ও এক সেনা সদস্য নিহত হয় এবং ১১ সেনা আহত হয়।
তামিল গেরিলাদের সঙ্গে অস্ত্রবিরতি সরকার আনুষ্ঠানিকভাবে ভেঙ্গে দেওয়ার পরপরই এ বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটল।
দেশটির জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মিডিয়া সেন্টারের এক মুখপাত্র জানান, "শনিবার জাফনা, ভানুনিয়া ও মান্নারের সংঘর্ষে এলটিটিই'র ২৬ সন্ত্রাসী নিহত হয়। এতে ৮ সেনাও আহত হয়।"
সেনাবাহিনী আরও জানায়, গত শুক্রবার জাফনা ও মান্নারে আরও ৮ তামিল গেরিলা এবং ১ সেনাসদস্য নিহত হয়, আহত হয় আরও তিন সেনা। তিনটি পৃথক মাইন বিস্ফোরণে এসব হতাহতের ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাক্ষের সরকার তামিল গেরিলাদের সঙ্গে অস্ত্রবিরতি ভেঙ্গে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ১৪ দিনের নোটিশ দিয়েছে মধ্যস্থতাকারী নরওয়েকে। যদিও ওই অস্ত্রবিরতি কার্যত আরও আগেই ভেঙ্গে পড়েছিল।
শ্রীলংকার তামিল সংখ্যাগরিষ্ঠ উত্তর ও পূর্বাঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য সংগ্রাম চালিয়ে আসছে লিবারেশন টাইগারস অফ তামিল ইলম (এলটিটিই)। তাদের সশস্ত্র সংগ্রামে গত ২৫ বছরে প্রায় ৭০ হাজার মানুষ মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৫০ ঘ.
bdnews24