কাবুল, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খ্রিস্টান মিশনরিদের রুখতে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হুশিয়ার করে দিল দেশটির ইসলামিক কাউন্সিল। একইসঙ্গে কাউন্সিলের উলামারা প্রকাশ্যে ফাঁসির নিয়ম পুনরায় চালু করার দাবি জানিয়েছেন। শনিবার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে তারা এসব দাবি জানান।
কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, "কিছু মিশনারির কর্মকাণ্ডে কাউন্সিল শঙ্কিত। তারা যা করছে তা ইসলামি শরিয়া ও আইনের পরিপন্থী।"
আফগানিস্তানের বিভিন্ন এলাকার আধ্যাত্মিক নেতা ও উলামাদের নিয়ে গঠিত এই কাউন্সিলের কোনো আইনগত কতৃত্ব না থাকলেও সংস্থাটি সেদেশে খুবই প্রভাবশালী । বিগত কয়েকটি সরকারের বিপক্ষে বিপ্লবের পেছনে তারা নেতৃত্ব দিয়েছে।
কিন্তু গত ২০০১ সালে মার্কিন বাহিনীর হাতে তালেবানরা উৎখাত হওয়ার পর থেকে তারা বেশ কোনঠাসা হয়ে আছে।
বিবৃতিতে আরও বলা হয়, "আল্লাহ ক্ষমা করুন, মিশনারিদের কাজ বন্ধ করা না হলে দেশে দুর্যোগ ঘনিয়ে আসবে। এতে শুধু আফগানিস্তাই অচল হবে না, এই অঞ্চল এমনকি পুরো বিশ্ব অস্থিতিশীল হয়ে পড়বে।"
আফগানিস্তানের এমপি এবং এই ইসলামিক কাউন্সিলের সদস্য আহমেদ আলী জেব্রাইলি জানান, কাবুল ও বিভিন্ন প্রদেশে নামহীন কিুছ মিশনারি কার্যালয় আছে। তারা মানুষকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করছে।
রয়টার্সকে তিনি বলেন, "মিশনারিদের এ কাজে সহযোগিতা করতে কিছু এনজিও মানুষকে উৎসাহিত করছে। তারা বই (বাইবেল) বিলাচ্ছে এবং বিদেশে পাঠানোর প্রলোভন দেখাচ্ছে।"
বিপুল সংখ্যক সাহায্য ও দাতব্য সংস্থা আফগানিস্তানে কাজ করছে। এদের অনেকগুলোর সঙ্গে মিশনারিদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক আছে। যদিও মিশনারিদের ধর্মান্তরিত করার কাজের সঙ্গে তারা জড়িত নয় বলে দাবি করে আসছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭৪৬ ঘ.
bdnews24