বাগদাদ, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকে দখলদার মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা এবং এক সার্জেন্টকে গুলি করে হত্যা করেছে এক ইরাকি সেনা। উত্তরাঞ্চলীয় মসুল শহরে গত ২৬ ডিসেম্বর ইরাকি ও মার্কিন সেনাদের যৌথ টহলকালে ইচ্ছাকৃতভাবে এ হত্যাকাণ্ড চালায় ওই ইরাকি সেনা। শনিবার ইরাকি সেনাবাহিনীর দুইজন জেনারেল একথা জানিয়েছেন। একইদিন মার্কিন সেনাবাহিনীও ইরাকি সেনার গুলিতে তাদের দুই সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
ধারণা করা হচ্ছে, ইরাকে ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রসনের পর কোনো ইরাকি সেনা কর্তৃক কোনো মার্কিন সেনা হত্যার ঘটনা এটাই প্রথম।
শনিবার এ বিষয়ে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ২৬ ডিসেম্বর একটি টহল চলাকালে এক ইরাকি সেনার গুলিতে দুই মার্কিন সেনা নিহত এবং এক দোভাষীসহ তিনজন আহত হয়।
মার্কিন সেনা মুখপাত্র লেফটেন্যান্ট-কর্নেল জেমস হাটন বলেন, "মার্কিন ও ইরাকি সেনাবাহিনী যখন একটি পর্যবেক্ষণ-ফাঁড়ি নির্মাণ করছিল তখনই ওই ঘটনা ঘটে।"
তিনি আরও জানিয়েছেন, দুই ইরাকি সেনাকে জেল-হাজতে নেওয়া হয়েছে।
এর আগে নিহতদের বিষয়ে গত ২৮ ডিসেম্বরে প্রকাশিত মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছিল, টেক্সাসের প্যানোরামা গ্রামের অধিবাসী ক্যাপ্টেন রডি জে ইনমান (৩৮) এবং ক্যালিফোর্নিয়ার বাকের্সফিল্ডের অধিবাসী সার্জেন্ট বেনাজমিন বি পোর্টেল (২৭) শত্র"পক্ষের হালকা অস্ত্রের গুলিতে আহত হয়ে মারা গেছেন।
তবে ইরাকি সেনাবাহিনীর সেকেন্ড ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার-জেনারেল মুতা আল-খাজরাজি শনিবার রয়টার্সকে জানিয়েছেন, বাগদাদ থেকে ৩৯০ কিলোমিটার দূরবর্তী পশ্চিম মসুলের হারমাতে ইরাকি ও মার্কিন সেনাবাহিনীর যৌথ টহলকালে তারা নিহত হন।
খাজরাজি বলেন, "টহলটিতে বন্দুকধারীরা হামলা চালিয়েছিল। ওই সেনা তার সুযোগ নেয় এবং দুই সেনাকে হত্যা করে। ওই সেনা ছিল গেরিলাদের লোক।"
তিনি জানিয়েছেন, ঘটনার পরপরই তাকে গ্রেপ্তার করা হয় এবং তার জিজ্ঞাসাবাদ চলছে।
ইরাকি সেনাবাহিনীর ফোর্থ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নূর আল-দ্বীন হুসেইন রয়টার্সকে বলেছেন, "ইচ্ছাকৃতভাবেই গুলি চালানো হয়েছিল। এটা কোনো দুর্ঘটনা ছিল না।:"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬৫৩ ঘ.
bdnews24