২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ঝড়, কয়েক লাখ লোক বিদ্যুৎহীন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মধ্য ও উত্তর এলাকায় শুক্রবার শক্তিশালী ঝড়ের কবলে পড়ে ১০ লাখের বেশি ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে সেখানকার প্রধান প্রধান সড়ক। এছাড়া কয়েকটি বিমানবন্দরে বিমান উঠা-নামা বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 08:28 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

সাউথ লেক তাহো, ক্যালিফোর্নিয়া, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মধ্য ও উত্তর এলাকায় শুক্রবার শক্তিশালী ঝড়ের কবলে পড়ে ১০ লাখের বেশি ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে সেখানকার প্রধান প্রধান সড়ক। এছাড়া কয়েকটি বিমানবন্দরে বিমান উঠা-নামা বাতিল করা হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়ের কারণে রোববার নাগাদ সিয়েরা নেভাদার উঁচু এলাকায় ৬ থেকে ৮ ফুট এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেক তাহোতে ২ ফুট পর্যন্ত বরফ জমতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বন্যা এবং ভূমিধসের আশঙ্কা রয়েছে। এছাড়া দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পার্বত্য এলাকায় ১০ ইঞ্চি এবং লস এঞ্জেলেসে ৫ ইঞ্চি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ক্যালিফোর্নিয়ার 'অফিস অব ইমার্জেন্সি সার্ভিসেস' এর কাছ থেকে ঝড়ের বিষয়ে অবগত হওয়ার পর গভর্নর আরনল্ড সোয়ার্জনেগার বলেন, "দাবানলে সেখানকার অনেক জমি পুড়ে যাওয়ার প্রেক্ষাপটে ভূমিধসের জন্য আমাদের প্রস্তুতি থাকা গুরুত্বপূর্ণ।" সোয়ার্জনেগার আরও বলেন, "সিয়েরা নেভাদায় ঘণ্টায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার গতিবেগে বাতাসের পাশাপাশি উপত্যকা এবং পার্বত্য এলাকায় প্রচুর পরিমাণ বৃষ্টি ও বরফ পড়তে থাকায় আমাদের অবশ্যই খুব সতর্ক থাকতে হবে।" 'অফিস অব ইমার্জেন্সি সার্ভিসেস' জানিয়েছে, ঝড়ে কোনো মৃত্যু বা কারও মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪১৭ ঘ.