রামাল্লাহ, পশ্চিম তীর, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পশ্চিম তীরে ইসরায়েলের বড় ধরনের তল্লাশি অভিযান শুরুর সমালোচনা করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী সালাম ফায়েদ। তিনি বলেন, ইসরায়েলের এ ধরনের হস্তক্ষেপ ফিলিস্তিনের পশ্চিমা-সমর্থিত অভ্যন্তরীন নিরাপত্তা পরিকল্পনা নস্যাৎ করছে।
বুধবার শ'শ' ইসরায়েলি সেনা নাবলুসে ঢুকে পড়ে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে। আটক করেছে অন্ততপক্ষে ৬ ফিলিস্তিনিকে। ইসরায়েলের এই পদক্ষেপের প্রতিবাদে ফিলিস্তিনি তরুণদের পাথর ছোঁড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ফায়েদ এক বিবৃতিতে বলেছেন, "এ সমস্ত অভিযান নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা নস্যাৎ করছে।" তিনি বলেন, "ফিলিস্তিনি নিরাপত্তা অভিযান দেরীতে হলেও ফলপ্রসূ হতে শুরু করেছিল এবং জনগণ পরিবর্তন আঁচ করতে পারছিল।"
পশ্চিম তীরে ফিলিস্তিনি পুলিশ মোতায়েন হওয়ার পর থেকে চলমান নিরাপত্তা অভিযানই ফিলিস্তিনে সবচে বড় অভিযান। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ার প্রেসিডেন্ট আব্বাসের চেষ্টার অংশ হিসাবে জঙ্গি দমনে সক্রিয়তার প্রমাণ দিতে ওই অভিযান শুরু করা হয়।
আব্বাস সরকার গাজার নিয়ন্ত্রণ হারানোর পর যুক্তরাষ্ট্রের সহায়তায় ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ফায়েদ ওই নিরাপত্তা অভিযানের পরিকল্পনা প্রনয়ণ করেছিলেন। কিন্তু নাবলুস ও অন্যান্য জায়গায় ইসরায়েলের তল্লাশি অভিযান এই নিরাপত্তা রক্ষার ফিলিস্তিন ও আন্তর্জাতিক প্রচেষ্টায় বাধ সাধছে এবং শান্তিপ্রক্রিয়া পুনরুদ্ধারে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে বলে ফায়াদ অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৫ঘ.
bdnews24