২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজির হত্যা তদন্তে পাকিস্তানে স্কটল্যান্ড ইয়ার্ড

বেনজির ভুট্টো হত্যাকাণ্ড তদন্তে ব্রিটিশ পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের একটি দল শুক্রবার ইসলামাবাদে পৌঁছেছে। গত ২৭ ডিসেম্বর গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে কড়া নিরাপত্তা বেষ্টনীর ভেতর জনসভা চলাকালে বেনজিরের হত্যাকাণ্ডকে ঘিরে রহস্যের জট উন্মোচনে ব্রিটিশ পুলিশের এ দলটি পাকিস্তানে এলো। এর আগে বুধবার প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ জানিয়েছিলেন, এ ঘটনা তদন্তে সহায়তার জন্য ব্রিটিশ পুলিশের সাহায্য চেয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 10:17 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ইসলামাবাদ, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) - বেনজির ভুট্টো হত্যাকাণ্ড তদন্তে ব্রিটিশ পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের একটি দল শুক্রবার ইসলামাবাদে পৌঁছেছে। গত ২৭ ডিসেম্বর গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে কড়া নিরাপত্তা বেষ্টনীর ভেতর জনসভা চলাকালে বেনজিরের হত্যাকাণ্ডকে ঘিরে রহস্যের জট উন্মোচনে ব্রিটিশ পুলিশের এ দলটি পাকিস্তানে এলো। এর আগে বুধবার প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ জানিয়েছিলেন, এ ঘটনা তদন্তে সহায়তার জন্য ব্রিটিশ পুলিশের সাহায্য চেয়েছেন তিনি। ইসলামাবাদ বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বকলতে রাজি হয়নি স্কটল্যান্ড ইয়ার্ডের ছোট দলটির সদস্যরা। দেশটির বৃহত্তম রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান এবং দুই দফায় পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা বেনজিরের হত্যাকাণ্ডের জন্য সরকার আল-কায়েদা জঙ্গি গোষ্ঠীকে দায়ী করে আসছে। কিন্তু বেনজিরের দল পিপিপি'র নেতাকর্মীদের মতোই অনেক পাকিস্তানিই মনে করেন মুশাররফ সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাসহ ভুট্টোর অন্য শত্র"রা এ ঘটনার নেপথ্যে রয়েছেন। ওদিকে, ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার মুশাররফ বলেছেন, তিনি নিজেও এ ঘটনার তদন্তে পুরোপুরি সন্তুষ্ট নন। একইসঙ্গে তিনি আরও বলেছেন, বিস্ফোরণের প্রচণ্ডতার কারণে গাড়ির সানপ্র"ফ গ্লাসের কব্জার সঙ্গে ধাক্কা খেয়ে বেনজিরের খুলি ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে মৃত ঘোষণা করায় তাড়াহুড়া করা ঠিক হয়নি কর্তৃপক্ষের। হত্যার প্রমাণ ধামাচাপা দিতেই ঘটনাস্থলে তাণ্ডব চালানো হয় এবং তাতে প্রতক্ষ্যদর্শী আরও ২৩ জন প্রাণ হারান বলে বেনজিরের দল থেকে দাবি করা হলেও ওই সংবাদ সম্মেলনে তা ঠিক নয় বলে মন্তব্য করেন মুশাররফ। বেনজিরের স্বামীসহ তার দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে গুলি করেই হত্যা করা হয়েছে তাকে। কিন্তু সবার দাবি সত্ত্বেও সত্য উদ্ঘাটনে ময়না তদন্ত করা হয়নি সরকারের পক্ষ থেকে। হত্যাকাণ্ডের সময়ের ভিডিও ফুটেজ দেখা গেছে, বেনজির গাড়িতে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ার সময় পরিষ্কার করে দাড়ি কামানো এবং সানগ্লাস পরা এক যুবক বেনজিরের দিকে পিস্তল তাক করে গুলি ছুঁড়ছেন। আরেকটি ছবিতে দেখা যাওয়া সাদা শালে মাথা ঢাকা আরেক যুবককে সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী হিসেবে উল্লেখ করেছে একটি টিভি স্টেশন। এসব বিষয়ের উল্লেখ করে পাকিস্তানি গণমাধ্যম প্রশ্ন তুলেছে, গোয়েন্দা সংস্থা কিংবা নিরাপত্তা বাহিনীর মদদ ছাড়া ঘাতকরা কিভাবে কড়া নিরাপত্তা বেষ্টনীর ভেতরে জনসভাস্থলে চলে এলো। কিন্তু প্রেসিডেন্ট মুশাররফ বেনজির হত্যাকাণ্ডে গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর কোনোরকম সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে উল্টো অভিযোগ করেছেন যে, বেনজিরকে বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি কোনো নিষেধ মানতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬০৫ ঘ.