২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইওয়ায় ওবামা ও হুকাবের বিশাল বিজয়

যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হওয়ার পথে বৃহস্পতিবার বড় ধরনের জয় পেয়েছেন সিনেটর বারাক ওবামা। অপর দুই ডেমোক্র্যাট নেতা হিলারি ক্লিনটন এবং জন এডওয়ার্ডসকে পেছনে ফেলে আইওয়া রাজ্যের ডেমোক্র্যাট ককাসে প্রথম স্থান অধিকার করেন ওবামা। ওদিকে, রিপাবলিকান দলে অ্যারিজোনার জন ম্যাককেইন এবং মিট রোমনিকে পেছনে ফেলে আইওয়াতে জয়ী হয়েছেন আরকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 08:49 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

দেস ময়নেস, আইওয়া, যুক্তরাষ্ট্র, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হওয়ার পথে বৃহস্পতিবার বড় ধরনের জয় পেয়েছেন সিনেটর বারাক ওবামা। অপর দুই ডেমোক্র্যাট নেতা হিলারি ক্লিনটন এবং জন এডওয়ার্ডসকে পেছনে ফেলে আইওয়া রাজ্যের ডেমোক্র্যাট ককাসে প্রথম স্থান অধিকার করেন ওবামা। ওদিকে, রিপাবলিকান দলে অ্যারিজোনার জন ম্যাককেইন এবং মিট রোমনিকে পেছনে ফেলে আইওয়াতে জয়ী হয়েছেন আরকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবে। দুই দলের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে পরবর্তী লড়াই হবে নিউ হ্যাম্পসায়ারে। আইওয়াতে ডেমোক্র্যাট ককাসে দ্বিতীয় স্থান লাভ করেছেন সিনেটর জন এডওয়ার্ডস এবং তৃতীয় স্থানে চলে গেছেন হিলারি ক্লিনটন। এডওয়ার্ডস বলেন, "এখন আমরা আইওয়া থেকে নিউ হ্যাম্পসায়ারে যাব। তারপর যাব আরও অন্যান্য অঙ্গরাজে। সেখানেই নির্ধারণ হবে দেশে পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে কোনজন সবার সেরা।" ওদিকে, আইওয়ায় বিজয়ের পর ইলিনয়িসের সিনেটর বারাক ওবামা বলেন, যুক্তরাষ্ট্রে পরিবর্তন আনতে প্রতিশ্রতিবদ্ধ তিনি। উচ্ছ্বসিত সমর্থকদের মাঝে দাঁড়িয়ে ওবামা বলেন, " তারা বলেছিল এ দিন কখনও আসবে না।" " তারা বলেছিল অনেক বেশি উঁচুতে নজর তুলে ফেলেছি আমরা। তারা বলেছিল এদেশ বড় বেশি বিভক্ত, এখনে কখনওই সম্মিলন সম্ভব না।" উচ্ছ্বসিত ওবামা বলেন, "কিন্তু আজ ইতিহাসের এই দিকনির্ধারনী জানুয়ারি-রাত্রিতে আপনারা ঠিক সেই কাজটিই করতে সক্ষম হয়েছেন যা আমরা কখনওই করতে পারব না বলেছিল হতাশাবাদীরা।" বিশ্লেষকরা বলছেন, আইওয়ার এ অবিস্মরণীয় বিজয় নিজেকে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের পথে ওবামার পাথেয় হয়ে থাকবে এবং অন্য রাজ্যগুলোর নির্বাচনেও এর প্রভাব পড়বে। দীর্ঘদিন ধরে জাতীয়ভাবে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে পরিচিত হিলারিকে পেছনে ফেলে দেওয়ায় আইওয়ার এ বিজয়ের ফলে সাময়িকভাবে হলেও ডেমোক্র্যাট দলের 'অগ্রগামী প্রার্থী' হিসেবে চিহ্নিত হচ্ছেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৩২ ঘ.