তেহরান, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের সর্বোচ্চ আধ্যাতিক নেতা আয়তুল্লাহ আলী খামেনি বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক একদিন ঠিক হয়ে যাবে। তবে সে দিন এখনও আসেনি।
রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, কেন্দ্রীয় আজাদ শহরে খামেনি বলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক না রাখা এখন আমাদের অন্যতম নীতি। কিন্তু আমরা কখনও বলিনি তাদের সঙ্গে সম্পর্ক চিরতরে শেষ করে দেওয়া হবে।"
তিনি আরও বলেন, "মার্কিনীদের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন এখন আমাদের জন্য ক্ষতিকর এবং আমরা তা করবও না।"
তবে খামেনি বলেন, "তবে যদি কখনও এমন দিন আসে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক কাজে আসবে তখন আমিই প্রথম সম্পর্ক স্থাপনের পদক্ষেপ নেব।"
১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পরপরই যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ইরানের পারমাণু কর্মসূচি নিয়ে দু'দেশ বর্তমানে মুখোমুখি অবস্থানে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। অন্যদিকে, ইরানের দাবি, তারা পরামাণু জ্বালানি উৎপাদনের জন্যই পরমাণু কর্মসুচি চালিয়ে যাচ্ছে।
ইউরেনিয়ানম সমৃদ্ধকরণ বন্ধে ওয়াশিংটন ও মস্কোর প্রস্তাব নাকচ করে দিয়ে খামেনি বলেন, "এটি অনেকটা তেল সমৃদ্ধ কোনো দেশকে বিদেশ থেকে তেল সরবরাহ করার মতোই ব্যাপার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৩৩ ঘ.
bdnews24