ইসলামাবাদ, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সহিংসতায় উত্তাল পাকিস্তানের রাজনৈতিক সঙ্কট নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পর স্থিতিশীল হয়ে আসতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। নতুন নির্বাচনী দিন ঘোষণার পরের দিন বৃহস্পতিবার পাকিস্তানে নতুন করে কোনো বিক্ষোভ-সহিংসতার খবর পাওয়া যায়নি। রাজনৈতিক দলগুলো সম্ভবত ফেব্র"য়ারির সাধারণ নির্বাচন নিয়ে ব্যস্ত।
সাধারণ নির্বাচন ১৮ ফেব্র"য়ারি পর্যন্ত স্থগিত করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন বুধবার ঘোষণা করে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয়নি। যদিও পাকিস্তানের প্রধান দুটি বিরোধী দলের দাবি ছিল, পূর্ব নির্ধারিত ৮ জানুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানে করতে হবে।
এক সপ্তাহ আগে রাওয়ালপিন্ডি শহরে এক নির্বাচনী সমাবেশ শেষে গুলি ও বোমা হামলায় পকিস্তান পিপল'স পার্টির প্রধান বেনজির ভুট্টো নিহত হওয়ার পর পাকিস্তানের শেয়ার বাজারে প্রায় ১০ শতাংশ দরপতন হয়। অথচ বৃহস্পতিবার শেয়ার বাজারে চাঙ্গাভাব দেখা গেছে। দুপুর দেড়টা নাগাদ মূল্য সূচক ছিল ৪ দশমিক ৬৫ শতাংশ।
পাকিস্তানের সাবেক মন্ত্রী এবং রাজনৈতিক বিশ্লেষক শাফকাত মাহমুদ বলেন, "সহিংসতার ঘটনা নেই। এই অর্থে বলা যায় পরিস্থিতি বেশ ভাল।"
১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতায় আসা সাবেক সেনাপ্রধান প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের কথা উল্লেখ করে তিনি বলেন, "তবে প্রধান যে ইস্যুগুলো নিয়ে বিভক্তি ছিল তা এখনও রয়ে গেছে এবং সবচেয়ে বিবাদ সৃষ্টিকারী লোকটি হচ্ছেন মুশাররফ।"
আততায়ী হামলায় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের ঘনিষ্ঠ মিত্র পরমাণু অস্ত্রসমৃদ্ধ পাকিস্তানের জনপ্রিয় নেত্রী ও মুশাররফের পুরাতন প্রতিপক্ষ বেনজির হত্যাকাণ্ড এবং তৎপরবর্তী সহিংসতায় স্থিতিশীল পরিস্থিতিতে পাকিস্তানের গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল।
মুশাররফ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বেনজির হত্যার তদন্তে বিদেশি সাহায্য সংক্রান্ত বিরোধীদের একটি দাবি মেনে নিয়েছেন। ভাষণে তিনি বলেন, বেনজির হত্যার তদন্তে ব্রিটিশ পুলিশ অংশ নেবে।
মুশাররফ বলেন, বেনজির হত্যাকাণ্ডের পেছনে আল কায়েদা জড়িত রয়েছে বলে তিনি নিশ্চিত। প্রসঙ্গত, জঙ্গি দমনের প্রয়োজনীয়তার উপর সব সময়ই গুরুত্বারোপ করে আসছিলেন বেনজির। আর এজন্য জঙ্গি নেতাদের কাছ থেকে হুমকিও পেয়েছিলেন তিনি।
মুশাররফ বেনজির হত্যার পেছনে আল-কায়েদার জড়িত থাকার কথা নিশ্চিত করে বললেও অনেক পাকিস্তানি মনে করেন পাক নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে থাকা বেনজিরের শত্র"রা তার হত্যাকাণ্ডে জড়িত ছিল। এমন ধারণার কারণে, ইতিমধ্যেই জনপ্রিয়তায় ধস নামা পাকিস্তানে প্রেসিডেন্ট মুশাররফের বিরুদ্ধে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে বেনজিরের দল পিপিপি'র কথা উল্লেখ করে করাচির এক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ডেভিড বারনার্ড বলেন, "আমি মুশাররফের সমর্থক ছিলাম। কিন্তু পিপিপিতে তিনি যা করেছেন তা খুবই খারাপ। আমি পিপিপিকে ভোট দেব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৮০১ ঘ.
bdnews24