এক্রা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে মধ্যস্থতার পরিকল্পনা করছেন ঘানার প্রেসিডেন্ট ও আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান জন কফুর। ঘানার পররাষ্ট্রমন্ত্রী বুধবার একথা জানিয়েছেন।
কেনিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গত চার দিনে মারা গেছে তিনশতাধিক মানুষ। প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি বিতর্কিত ওই নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে শপথ নিলেও বিরোধীরা নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ করেছে। গত বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই ছড়িয়ে পড়া সহিংসতা এখন জাতিগত সংঘাতে রূপ নিয়েছে।
ঘানার পররাষ্ট্রমন্ত্রী আকওয়াসি ওসেই-আদজেই জানান, মধ্যস্থতাকারী প্রতিনিধি দল পাঠানো বা নিজে যাওয়ার আগে জন কফুর কেনিয়ার প্রেসিডেন্ট মাওয়ি কিবাকির সঙ্গে টেলিফোনে কথা বলার জন্য অপেক্ষায় আছেন।
ওসেই-আদজেই রয়টার্সাকে বলেন, "আমরা এখনো কেনিয়ার প্রেসিডেন্ট কিবাকির সঙ্গে যোগযোগ করতে পারিনি। তবে প্রেসিডেন্ট কফুর কেনিয়ার বিরোধী নেতা রেইলা ওদিঙ্গার সঙ্গে কথা বলেছেন।"
কেনিয়ার সহিংসতা বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন গত মঙ্গলবার কাফুর ও সিয়েরা লিওনের সাবেক প্রেসিডেন্ট আহমেদ তেজান কাব্বাহ'র প্রতি আহ্বান জানান।
এক বিবৃতিতে ব্রাউন বলেন, "আমি কাফুরের সঙ্গে কথা বলেছি। তিনি নিজে কেনিয়ায় যাবেন বলে জানিয়েছেন। তার এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানিয়েছি। তিনি কেনিয়ার প্রেসিডেন্ট কিবাকি ও বিরোধী নেতা ওদিঙ্গার সঙ্গে আলোচনা করবেন।
এর আগে কফুরের কার্যালয় থেকে এক বিবৃতিতে কেনিয়ার উভয় পক্ষকে শান্ত থাকার এবং সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৩২ ঘ.
bdnews24