কলম্বো, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) গেরিলারা বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সেনাবাহিনীর একটি বাসে বোমা হামলা চালিয়েছে। এতে চারজন নিহত এবং অপর ২১ জন আহত হয়েছে। সেনাবাহিনী ও হাসপাতালের কর্মকর্তারা একথা জানিয়েছেন। শ্রীলঙ্কায় নতুন করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পর কয়েদফা বোমা হামলার মধ্যে এটিই সর্বশেষ।
সেনাবাহিনী জানিয়েছে, কলম্বোর যে এলাকায় সেনা ও বিমান বাহিনীর সদর দফতর অবস্থিত তার কাছের একটি হোটেলের বাইরে রাস্তায় বোমা পেতে রাখে গেরিলারা।
ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা বলেন, "সেনা যান লক্ষ্য করে ক্লেমোর (মাইন) হামলা চালানো হয়েছে।"
বিস্ফোরকের ধরন দেখে সেনাবাহিনীর মাইন বিশ্লেষকরা বলছেন, "এটা নিশ্চিতভাবেই এলটিটিই'র ক্লেমোর।"
ওদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তা বলেন, হামলার সময় বাসটিতে "প্রায় ১১ জন সেনা" ছিল।
হামলা সম্পর্কে এলটিটিইর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলটিটিই সাধারণত হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৪২৬ ঘ.
bdnews24