ইসলামবাদ, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তান কর্তৃপক্ষ বুধবার বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের কয়েক মুহুর্ত আগে জনতার মধ্যে দাঁড়িয়ে থাকা দুইজন লোক এবং একটি ছিন্ন মস্তকের ছবি প্রকাশ করেছে। হামলাকারীদের সনাক্ত করতে তথ্যদানকারীর জন্য পুরস্কারও ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি শহরে এক সমাবেশ শেষে ফেরার পথে গুলি ও আত্মঘাতী বোমা হামলায় নিহত হন পাকিস্তান পিপল'স পার্টির (পিপিপি) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
পাকিস্তানের সবচেয়ে বড় ঊর্দু-ভাষার পত্রিকায় এক নোটিশে প্রকাশিত ছবিগুলোর একটিতে বেনজিরের সমাবেশের বাইরে জনতার মধ্যে দুইজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এর আগে একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত এ ছবিটিতে কালো সান গ্লাস ও সাদা শার্ট এবং কালো কোট পরিহিত ক্লিন শেভ করা এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিতে তার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাদা তোয়ালে মাথায় দেওয়া এক লোককে। একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সম্ভবত এই লোকটিই ছিল বোমা হামলাকারী।
পরবর্তী ছবি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, সমাবেশ শেষে বেনজির যখন তার ল্যান্ড ক্রুজার গাড়ির সানরুফের মধ্যে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছিলেন তখনই ওই যুবক একটি পিস্তল দিয়ে তাকে গুলি করে।
বুধবার পত্রিকাটিতে আরও একটি ছবি প্রকাশিত হয়েছে। এতে একজন মানুষের একটি ছিন্ন মস্তক দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মস্তকটি আত্মঘাতী বোমা হামলাকারীর।
ওই নোটিশে পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, "ভয়াবহ এ ঘটনার অপরাধীদের গ্রেফতারে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।" প্রসঙ্গত, রাওয়ালপিন্ডি পাঞ্জাব প্রদেশের অন্তর্গত।
মন্ত্রণালয়টি বেনজির হত্যাকাণ্ডের অপরাধীদের সম্পর্কে তথ্যদাতার জন্য এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে।
বেনজির হত্যাকাণ্ডে কতজন জড়িত ছিল সে বিষয়ে কিছু বলেনি পাকিস্তান সরকার। তবে, আফগান সীমান্তবর্তী আল কায়েদার মদদপুষ্ট পাকিস্তানি জঙ্গি নেতা বায়তুল্লাহ মেহসুদ এ হামলায় জড়িত বলে অভিযোগ করে আসছে সরকার। যদিও, মেহসুদের এক মুখপাত্র এ হামলায় তার জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে দিয়েছেন।
তাছাড়া, অনেক পাকিস্তানি মনে করছেন, দেশটির শক্তিশালী গোয়েন্দা সংস্থার মধ্যে থাকা বেনজিরের পুরানো শত্র"রা সম্ভবত এতে জড়িত ছিল।
এদিকে, হামলার নেপথ্যে কারা জড়িত ছিল এ প্রশ্নের যে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে বেনজির কীভাবে নিহত হয়েছেন তা নিয়ে।
পাকিস্তান সরকার বলছে, হামলার সময় গাড়ির সানরুফে মাথায় আঘাত লেগে মারা গেছেন বেনজির। কিন্তু বেনজিরের সমর্থকরা বলছেন, তাকে গুলি করা হয়েছিল।
ভিডিও ফুটেজে দেখা গেছে, ১০ ফুট দূরে দাঁড়িয়ে বেনজিরকে তিনটি গুলি করে এক যুবক। এসময় বেনজিরের পরণে সাদা শাল নড়ে ওঠে এবং তিনি তার গাড়ির ভেতরে পড়ে যান। ধারণা করা হয়, বুলেটের আঘাতের কারণেই এমন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩৫৮ ঘ.
bdnews24