২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট ডাকাতির চক্রান্ত ফাঁস করতে চেয়েছিলেন বেনজির

পাকিস্তানের নির্বাচন কমিশন এবং গোয়েন্দা সংস্থাগুলোর ভোট ডাকাতির চক্রান্তের প্রমাণ দিতে চেয়েছিলেন প্রয়াত বেনজির ভুট্টো। যে রাতে বেনজির মারা যান সে রাতেই এই চক্রান্ত ফাঁস করতে চেয়েছিলেন তিনি। বেনজিরের এক শীর্ষ সহযোগী মঙ্গলবার একথা জানিয়েছেন। পাকিস্তান কর্তৃপক্ষের ভোট ডাকাতির নানা কৌশল ও ষড়যন্ত্র নিয়ে বেনজিরের সঙ্গে বসে ১৬০ পাতার দলিল তৈরি করেছেন সিনেটর লতিফ খোসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 10:04 AM

Updated : 26 Aug 2022, 01:07 PM

করাচি, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের নির্বাচন কমিশন এবং গোয়েন্দা সংস্থাগুলোর ভোট ডাকাতির চক্রান্তের প্রমাণ দিতে চেয়েছিলেন প্রয়াত বেনজির ভুট্টো। যে রাতে বেনজির মারা যান সে রাতেই এই চক্রান্ত ফাঁস করতে চেয়েছিলেন তিনি। বেনজিরের এক শীর্ষ সহযোগী মঙ্গলবার একথা জানিয়েছেন। পাকিস্তান কর্তৃপক্ষের ভোট ডাকাতির নানা কৌশল ও ষড়যন্ত্র নিয়ে বেনজিরের সঙ্গে বসে ১৬০ পাতার দলিল তৈরি করেছেন সিনেটর লতিফ খোসা। এ সম্পর্কে খোসা জানান, এর মধ্যে ভোটারদের ভয়ভীতি দেখানো থেকে শুরু করে, জাল ব্যালট তৈরি এবং অনেক ক্ষেত্রে অজ্ঞাতে মার্কিন সাহায্য তহবিল কাজে লাগানোর মতো কৌশলও রয়েছে। পাকিস্তান সফরে আসা দুই মার্কিন আইনপ্রণেতাকে ২৭ ডিসেম্বর রাতের ভোজসভায় এই দলিল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বেনজির। কিন্তু ওইদিন রাতেই আত্মঘাতী বোমা হামলায় তিনি নিহত হন। বেনজিরের শীর্ষ সহযোগী এবং তার দল পিপিপি'র নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান লতিফ খোসা রয়টার্সকে বলেন, "রাষ্ট্রীয় সংস্থাগুলো পুরো নির্বাচনী প্রক্রিয়াই নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য কাজে লাগানোর চেষ্টা করছে।" খোসা বলেন, "আইএসআই (ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স), নির্বাচন কমিশন এবং এখনও প্রভাব খাটানোর চেষ্টায় থাকা পূর্ববর্তী সরকার এই ভোট ডাকাতির চক্রান্ত করছে।" তিনি আরও বলেন, "গণতন্ত্রের মুখে এই চক্রান্তের দলিল আরেকটি চপেটাঘাত।" গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে পাঞ্জাবের জাতীয় পরিষদের আসনের ১০৮ জন দলীয় প্রার্থীর (মুশাররফকে সমর্থনকারী দল) জন্য আগে থেকেই ভোট দেওয়া ২৫,০০০ ব্যালট সরবরাহের পরিকল্পনা করছে তার বিস্তারিত বিবরণ এই দলিলে আছে।" খোসা জানান, কর্তৃপক্ষ ইতোমধ্যেই মনোনয়নপত্র জমা দিতে অনেককে বাধা দিয়েছে। ভয়ভীতি দেখিয়েছে। বেলুচিস্তান, সিন্ধুসহ আরও অনেক জায়গায় এ ঘটনা ঘটেছে। আর আইএসআই কম্পিউটার হ্যাকিং করার জন্য মেগা কম্পিউটার ব্যবহার করছে। আবার নির্বাচন কমিশনও অনেক সম্ভাবনাময় ভোটারদেরকে কৌশলে দূরে সরিয়ে রাখছে। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের মুখপাত্র রশীদ কুরেশি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ অভিযোগ অস্বীকার করে একে 'উদ্ভট' কথাবার্তা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, "একথা শুনলে মানুষ হাসবে।" তিনি আরও বলেন, "প্রেসিডেন্ট মুশাররফ অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের অপরিহার্যতার কথা বলেছেন। আর এটাই তার পাকিস্তানকে পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের সামগ্রিক কৌশল।" বেনজিরের দেশে আগমনকে পাকিস্তানের জাতীয় সংহতি অধ্যাদেশ হিসাবে উল্লেখ করে কুরেশি বলেন, "আমার কাছ থেকে এটি নিয়ে দেখুন, আগামী নির্বাচনই হবে পাকিস্তানে সবচে ভালো নির্বাচন। যেমনটি পাকিস্তানে এর আগে কখনও হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫১ঘ.