ইসলামাবাদ, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) ---- পাকিস্তানের নির্বাচন কমিশন মঙ্গলবার বলেছে, নির্ধারিত ৮ জানুয়ারির নির্বাচন 'নীতিগতভাবে' পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তারিখ নির্ধারনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন আলোচনা চলবে। বুধবারেই এই নতুন তারিখ ঘোষণা করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কানওয়ার দিলশাদ।
দিলশাদ বলেন, "নির্বাচন কমিশনের কর্মকর্তারা নীতিগতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন তারিখ ঘোষণার আগে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে হবে।"
তিনি জানান, বেনজিরের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া সহিংসতায় সিন্ধুর অনেক কার্যালয় জ্বলে গেছে। পুড়ে ছাই হয়ে গেছে নির্বাচনী নথিপত্র, ভোটার তালিকা।
দিলশাদ বলেন, "সিন্ধুতে ১৩ টি সরকারি কার্যালয় পুড়ে গেছে। রাজনৈতিক দলগুলোকে এ পরিস্থিতি সম্পর্কে জানাব আমরা। মাঠ পর্যায়ের বাস্তবতা রাজনৈতিক দলগুলোকে অবহিত করার পরই তাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হবে।"
বৃহস্পতিবার বেনজিরের মৃত্যুর পরপরই পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট মুশাররফকে পদত্যাগের আহ্বান জানানোয় পুরো নির্বাচনী প্রক্রিয়াই পড়ে বিশৃঙ্খলার মধ্যে।
পাকিস্তান বিষয়ক বিশেষজ্ঞ ফারজানা শেখ বলেন, 'নির্বাচন এ মুহূর্তে না হওয়াটাই যুক্তিসঙ্গত।" তিনি বলেন, "নির্বাচনী প্রক্রিয়ার মৃত্যু হয়েছে তার পথেই।" এরপর পরই মুশাররফের সাবেক ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ (কিউ) নির্বাচন ৬ থেকে ৮ সপ্তাহ পিছিয়ে যাওয়ার আভাস দেয়।
কিন্তু বেনজিরের পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও নওয়াজ শরীফের নেতৃত্বাধীন অন্যান্য প্রধান বিরোধীদলগুলো নির্বাচনে কোনোরকম বিলম্বের বিরোধিতা করে আসছে। অবশ্য নওয়াজের দলের ভাইস প্রেসিডেন্ট ইকবাল জাগরা মঙ্গলবার বলেছেন, নির্বাচন স্বল্পকালের জন্য পিছালে তার আপত্তি নেই।
ইকবাল আরও বলেন, "আমরা ৮ জানুয়ারিতেই নির্বাচন চাই। কিন্তু তা অনুষ্ঠানে অপারগতার প্রকৃতই কোনো কারণ থাকলে তা বিবেচনায় নেওয়া হবে।"
ওদিকে, পাকিস্তান মুসলিম লীগ পিএমএল-(কিউ) বলছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন পিছানো উচিত।
কিন্তু বেনজিরের পার্টির ডেপুটি সেক্রেটারি রাজা রব্বানি বলছেন, "নির্বাচন পিছানোর প্রশ্নই আসে না।" তিনি বলেন, "পিএমএল (কিউ) নির্বাচনে তাদের পরাজয় আঁচ করতে পেরেই নির্বাচন পিছানোর পাঁয়তারা করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৪৯ঘ.
bdnews24