২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারজাইয়ের শান্তি আলোচনার প্রস্তাব তালেবানদের প্রত্যাখ্যান

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তালেবান বিদ্রোহীরা। আফগানিস্তানে বিদেশি সেনাদের উপস্থিতিতে তারা কোনো আলোচনায় যোগ দেবে না। রোববার এক তালেবান মুখপাত্র একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 04:06 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

চমন, পাকিস্তান, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তালেবান বিদ্রোহীরা। আফগানিস্তানে বিদেশি সেনাদের উপস্থিতিতে তারা কোনো আলোচনায় যোগ দেবে না। রোববার এক তালেবান মুখপাত্র একথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র সফর শেষে গত শনিবার প্রেসিডেন্ট হামিদ কারজাই সাংবাদিকদের জানান, তিনি ব্যক্তিগতভাবে তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর ও গুলবুদ্দিন হেকমতিয়ারের সঙ্গে আলোচনা করতে চান। তবে তালেবানদের দাবি অনুযায়ী বিদেশি সেনা প্রত্যাহারের মতো কোনে পূর্ব শর্ত মেনে তিনি আলোচনায় বসবেন না বলে জানিয়ে দেন। রোববার তালেবান বিদ্রোহীরা কারজাইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলো। কারজাই জানিয়েছিলেন, তালেবান নেতাদের সঙ্গে আলোচনার ব্যাপারে সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রোববার অজানা কোনো স্থান থেকে ফোনে তালেবান মুখপাত্র কারি মোহাম্মদ ইউসুফ বলেন, "কাবুল সরকারের সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা নেই।" তিনি বলেন, "কারজাই সরকার একটি পুতুল সরকার। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই। কাজেই তাদের সঙ্গে আলোচনায় যেয়ে আমরা কেন সময় নষ্ট করব।" তালেবান মুখপাত্র আরও বলেন, "ন্যাটো ও মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে না যাওয়া পর্যন্ত কারজাই সরকারের সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা নেই।" মোল্লা ওমর ও গুলবুদ্দিন হেকমতিয়ার দুজনই যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্ত। কারি মোহম্মদ ইউসুফ বলেন, "একদিকে যুক্তরাষ্ট্র আমাদের নেতাদের সন্ত্রাসী তালিকাভুক্ত করবে, আর অন্যদিকে কারজাই আমাদের শান্তি আলোচনায় ডাকবেন, এটা তামশা ছাড়া কিছুনা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি