২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনাবাহিনী ও সিআইএকে "সন্ত্রাসী" আখ্যা দিলেন ইরানি এমপিরা

মার্কিন সেনাবাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে "সন্ত্রাসী" আখ্যা দিয়েছেন ইরানের এমপিরা। ইরানের রিভলিউশনারি গার্ডস এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের চিন্তা-ভাবনার পরিপ্রেক্ষিতে শনিবার এ আখ্যা দিয়েছেন দেশটির এমপিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 08:02 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

তেহরান, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন সেনাবাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে "সন্ত্রাসী" আখ্যা দিয়েছেন ইরানের এমপিরা। ইরানের রিভলিউশনারি গার্ডস এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের চিন্তা-ভাবনার পরিপ্রেক্ষিতে শনিবার এ আখ্যা দিয়েছেন দেশটির এমপিরা। ইরানের সরকারি বার্তাসংস্থা ইরান জানিয়েছে, ২১৫ জন এমপির স্বাক্ষরিত এবং ২৯০ আসনবিশিষ্ট পার্লামেন্টের এক অধিবেশনে পড়ে শোনানো একটি বিবৃতিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মার্কিন সেনাবাহিনী এবং সিআইএর সমালোচনা করা হয়। বিবৃতিতে উদহারণ হিসাবে উল্লেখ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ওপর আণবিক বোমা হামলা, ভিয়েতনাম যুদ্ধ এবং ইরাকের সহিংসতাকে। ইরনা জানায়, "ইরানি সাংসদরা আমেরিকার সেনাবাহিনী এবং দেশটির গোয়েন্দা সংস্থাগুলোকে সন্ত্রাসী হিসাবে আখ্যা দিয়েছেন।" ইরানের সঙ্গে ব্যবসারত বিদেশি জ্বালানি কোম্পানিগুলোর বিরুদ্ধে অবরোধ আরোপের বিষয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের একটি বিল অনুমোদন এবং রিভলিউশনারি গার্ডসকে "সন্ত্রাসী" হিসাবে আখ্যা দেওয়ার জন্য মার্কিন সরকারকে অনুরোধ জানানোর চারদিন পর প্রকাশিত হয়েছে এ বিবৃতি। ১৯৭৯ সালে ইরানের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ নেই। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়েও দেশ দুটির মধ্যে উত্তেজনাকর সম্পর্ক বিরাজ করছে। এছাড়া ইরাকের সহিংসতার জন্যও তারা একে অপরকে দোষারোপ করে আসছে। ইরান বলছে, রিভলিউশনারি গার্ডসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো প্রচেষ্টাই হবে বেআইনি। আর সে পদক্ষেপ বিবেচিত হবে পুরো ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে একটি সংঘর্ষমূলক বিরুদ্ধতা হিসাবে। ইরনা আরও জানিয়েছে, গুয়ান্তানামো, আবু গ্রাইব এবং গোপন মার্কিন কারাগারগুলোর মতো "নির্যাতনের স্থানগুলোর" প্রতিরোধে হস্তক্ষেপ করার জন্য জাতিসংঘের প্রতিও আহ্বান জানিয়েছেন ইরানি এমপিরা। প্রসঙ্গত, কিউবার গুয়ান্তনামো বে'র মার্কিন বন্দিশিবির, ইরাকের আবু গ্রাইব কারাগার এবং সিআইএর গোপন কারাগারগুলোর বন্দিদের সঙ্গে আচরণ নিয়ে অভিযোগ উঠেছে যে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৩৪৭ ঘ.