টোকিও, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইয়াঙ্গুনে জান্তাবিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে জাপানি ফটোসাংবাদিক নিহত হওয়ার ঘটনায় দেশটির কাছে ক্ষমা চেয়েছে মিয়ানমার। ফটো সাংবাদিক কেনজি নাগাইয়ের নিহত হওয়ার ঘটনায় জাপানের তীব্র প্রতিবাদের মুখে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নায়ান উইন শুক্রবার ক্ষমা চান। কিয়োডো বার্তা সংস্থা শনিবার একথা জানিয়েছে।
৫০ বছর বয়সী ফটোসাংবাদিক কেনজির মৃত্যু বিশ্বব্যাপি তীব্র ক্ষোভের সঞ্চার করে। বিক্ষোভের সময় তোলা বিভিন্ন ছবিতে দেখা গেছে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পরও কেনজি তার ক্যামেরা চালিয়ে যাচ্ছেন। জনবিক্ষোভে সামরিক জান্তার নিপীড়নের ছবি তুলতে একজন অকুতোভয় নিবেদিতপ্রাণ আলোকচিত্রী হিসেবে তার এ পরিণতি দারুণ নাড়া দেয় সারা বিশ্বের গণমাধ্যমসহ সচেতন মহলে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত জাপানি পররাষ্ট্রমন্ত্রী মাসাহিকো কোমুরা তার মিয়ানমার প্রতিপক্ষের কাছে শুক্রবার এ বিষয়ে প্রতিবাদ জানান।
কোমুরা বলেন,"কেনজি নাগাইয়ের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"
জাপানি প্রতিবাদের জবাবে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নায়ান উইন বলেন, ওই মৃত্যুর জন্য তিনি অত্যন্ত দুঃখিত।
মিয়ানমার মন্ত্রী আরও বলেন, "প্রতিবাদ বিক্ষোভ স্তিমিত হয়ে আসছে এবং আমরাও নিয়ন্ত্রিতভাবে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করছি।"
তবে মিয়ানমারের ক্ষমা প্রার্থনার পর জাপানের অবস্থানের বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফটোসাংবাদিক কেনজি নাগাই মিয়ানমারের এ বিক্ষোভে নিহত একমাত্র বিদেশী নাগরিক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এজে/১২২৫ ঘ.
bdnews24