২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উষ্ণায়ন রোধে প্রতিটি দেশ নিজের মতো কাজ করবে: বুশ

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রগতি মাপার জন্য একটি 'শক্তিশালী ও স্বচ্ছ' পদ্ধতি গ্রহণের জন্য বিশ্বের দেশগুলোকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তবে তিনি বলেন, এক্ষেত্রে প্রত্যেকটি দেশের নিজেদের মতো করে কাজ করা উচিত। জলবায়ু পরিবর্তন নিয়ে ওয়াশিংটনে শুরু হওয়া সম্মেলনের শেষ দিন শুক্রবার বুশ একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 09:35 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর, ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রগতি মাপার জন্য একটি 'শক্তিশালী ও স্বচ্ছ' পদ্ধতি গ্রহণের জন্য বিশ্বের দেশগুলোকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তবে তিনি বলেন, এক্ষেত্রে প্রত্যেকটি দেশের নিজেদের মতো করে কাজ করা উচিত। জলবায়ু পরিবর্তন নিয়ে ওয়াশিংটনে শুরু হওয়া সম্মেলনের শেষ দিন শুক্রবার বুশ একথা বলেন। একইসঙ্গে বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়তে লাগসই প্রযুক্তি উদ্ভাবনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি বিশ্ব তহবিল গঠনে দেশগুলোকে অহ্বান জানান তিনি। বুশ বলেন, বিশ্ব উষ্ণায়ন কমাতে একটি দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা দরকার। এ লক্ষ্য অর্জনে প্রতিটি দেশ নিজেদের উপযুক্ত কৌশল ও নীতিমালা তৈরি করবে। জলবায়ু পরিবর্তন রোধে করণীয় নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরে দূত পাঠায় যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমণকারী দেশগুলো। মার্কিন পররাষ্ট্র দফতরে দু'দিনব্যাপী এ আলোচনার আহ্বান জানান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বিশ্ব উষ্ণায়ন রোধে গ্রিণহাউস গ্যাস নির্গমণ কমানো এবং এ ব্যাপারে কোনরকম বাধ্যবাধকতা মেনে নেওয়ার বিরোধিতা করায় বুশ প্রশাসন সমালোচিত হয়ে আসছে। আগামী ডিসেম্বর মাসে বালিতে বিশ্ব উষ্ণায়ন নিয়ে জাতিসংঘ আলোচনার পূর্বপ্রস্তুতিমূলক বৈঠক হিসাবেই ওয়াশিংটনে এ সম্মেলনের আয়োজন করেছেন বুশ। বালি বৈঠকে কিয়োটো প্রটোকল পরবর্তী কোনো চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা নেবেন বিশ্ব নেতারা। এমন একটি চুক্তি যাতে করে শিল্পোন্নত দেশগুলোতে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া যায়। হোয়াইট হাউস এখনও গ্রিনহাউস গ্যাস নির্গমণ হ্রাসে কোনো নির্দিষ্ট মাত্রা বেঁধে দেওয়ার পক্ষপাতি নয়। বরং এর পরিবর্তে ইচ্ছানুযায়ী গ্রিনহাউস গ্যাস নির্গমণ হ্রাসের পক্ষে হোয়াইট হাউস। বিশ্বে গ্রিনহাউস গ্যাস নির্গমণের দিক দিয়ে এক নম্বর দেশ যুক্তরাষ্ট্র। তবে এ বছরে পরিচালিত এক গবেষণায় ধরা পড়েছে যে, দ্রুত-উন্নয়নশীল দেশ চীনও এখন গ্রিনহাউস গ্যাস নির্গমণের শীর্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রের এ জলবায়ু আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, জাপান, কানাডা, ভারত, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ আফ্রিকাও অংশ নেয়। তবে পরিবেশবাদীরা বলেছেন, এ সম্মেলন থেকে নতুন কিছুই অর্জিত হয়নি। বরং এটি জলবায়ু পরিবর্তন রোধে জাতিসংঘের প্রচেষ্টাকে পাশ কাটিয়ে যাওয়ারই চেষ্টা। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। দক্ষিণ আফ্রিকার পরিবেশ মন্ত্রী মার্থিনাস ভ্যান স্কালকিয়ক এর বুশের ভাষণে আগে বলেছিলেন, "সম্মেলনে অংশগ্রহণকারীরা বিশ্ব উষ্ণায়ন ঠেকানোর বহুমুখী সমাধান খোঁজা এবং গ্রিনহাউস গ্যাস নির্গমণ হ্রাসে আন্তর্জাতিকভাবে সম্মত প্রক্রিয়া কিংবা বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রায় শামিল হওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে শক্তিশালী কোনো প্রতিশ্র"তি আশা করছেন।" জার্মান পরিবেশমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছিলেন, হোয়াইট হাউজ এরকম গুরুত্বপূর্ণ একটি ব্যাপারে আবারও একগুঁয়েমি করবেনা বলেই তিনি আশা করেন। সাংবাদিকদের তিনি বলেন, "এটি একটি বড় পদক্ষেপ। বিশ্ব উষ্ণায়ন নিয়ে যত বেশি আলোচনা হবে তত বেশি এ থেকে পিছিয়ে আসা কঠিন হবে।" জলবায়ু পরিবর্তন ইসুতে গত সোমবার জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর এ বৈঠকে যোগ দেয় বিশ্বের বৃহৎ অর্থনৈতিক শক্তিধর দেশগুলো। জাতিসংঘের ওই বৈঠকে বিশ্বের ৮০টির বেশি দেশ ও সরকার প্রধান বিশ্ব উষ্ণায়নের প্রভাব ও পরিণতির ওপর বিশেষভাবে আলোকপাত করেছেন। জাতিসংঘ বৈঠক শেষে মহাসচিব বান কি-মুন বলেন, সমস্যাটির একটি বৈশ্বিক সমাধানের লক্ষ্যে আগামী ডিসেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালিতে আবারও আলোচনা হবে। বালির ওই আলোচনায় ২০১২ সালে কিয়োটো চুক্তির মেয়াদ শেষে কীভাবে গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমানো যাবে তা নির্ধারণের একটি পন্থা খুঁজে বের করা নিয়ে আলোচনা হওয়ার কথা। কিয়োটো চুক্তিতে গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমানোর জন্য বাধ্যতামূলক সীমা বেঁধে দেওয়া আছে। বাধ্যতামূলক সে সীমা মানলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ওই চুক্তিতে স্বাক্ষর করা থেকে বিরত রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/২১৩৫ ঘ.