টোকিও, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগাম ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা চালু করতে যাচ্ছে জাপান। আগামী সোমবার থেকে চালু হতে যাওয়া এই ব্যবস্থায় বড় ধরনের ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগেই খবর পাওয়া যাবে। আশা করা হচ্ছে নতুন এই সতর্কতা ব্যবস্থা চালু হলে জান-মালের ক্ষয়ক্ষতি অনেক কমে যাবে। তবে অনেকে আবার বলছেন, নতুন এই পদ্ধতি মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে।
জাপানজুড়ে এক হাজার সিসমোমিটার ভূমিকম্পের কম্পণ পর্যবেক্ষণ করবে। ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে এমন ভূমিকম্পের আভাস পাওয়া গেলে রেডিও টেলিভিশনের মাধ্যমে কয়েক সেকেন্ড আগেই তা সকলকে জানিয়ে দেবে।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে এ ধরনের সতর্কতা পদ্ধতি এই প্রথম। নতুন এই পদ্ধতিতে ভূমিকম্পের আগেই জানা যাবে। ফলে অনেকেই টেবিলের নিচে, দরজার অড়ালেসহ বিভিন্ন নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পারবে। এতে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেক কমানো যাবে।
এছাড়া নতুন এই পদ্ধতি চালু হলে ট্রেন, এলিভেটর ও ফ্যক্টরির মেশিন ভূমিকম্পের আগেই বন্ধ করা যাবে।
তবে বেসরকারি রেডিওগুলো জানিয়েছে প্রথম ছয়মাস নতুন এই ব্যবস্থার সঙ্গে তারা যুক্ত হবে না । তারা ভয় পাচেছ এর ফলে ট্রেন, থিয়েটারসহ জনসমাগম হয় এমন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে।
বেসরকারি প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধ ব্যবস্থা ইন্সস্টিটিউটের প্রেসিডেন্ট তেকিহিকো ইয়ামামুরা বলেন, "ব্যস্ততম সময়ে পাতাল ট্রেনে যদি এ ধরনের সতর্ক বার্তা প্রচার করা হয় তাহলে একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি
bdnews24